কোথাও যেন শান্তি নেই। প্রতিটি সকাল থেকে রাত ২৪ ঘণ্টাই কাটে নানা আতঙ্কে। গ্যাসের চুলা জ্বালাতে গিয়ে আতঙ্ক, বিস্ফোরণে দগ্ধ হব না তো! রাস্তায় হাঁটার সময় আতঙ্ক: নির্মাণাধীন বাড়ির ইট মাথায় পড়বে না তো! কেউ মাইক্রোবাসে টেনেহিঁচড়ে তুলবে না তো! গাড়িতে চড়ে আতঙ্ক: গন্তব্যে পৌঁছার আগেই মরে যাব না তো! গাছের পাশ দিয়ে যাওয়ার সময় আতঙ্ক: বিশাল গাছ আচমকা ভেঙে পড়বে না তো!
যঁাদের সন্তান আছে তঁাদের আতঙ্ক হচ্ছে, সন্তান খারাপ বন্ধুদের সঙ্গে মিশছে না তো! ক্লাসের ফাঁকে বন্ধুদের সঙ্গে মোবাইল ফোনে খারাপ ছবি দেখছে না তো! কিশোরী কন্যা রাস্তা দিয়ে স্কুলে যাওয়ার সময় আতঙ্ক, রাস্তায় বখাটেরা নোংরা মন্তব্য ছুড়ে দিচ্ছে না তো! ওড়না ধরে টান দিচ্ছে না তো! ক্লাসে পুরুষ শিক্ষক মেয়ের গায়ে অনাকাঙ্ক্ষিত স্পর্শ করছে না তো! ডাক্তার পরীক্ষার নামে অশালীন আচরণ করছে না তো! যানবাহনে চলার সময় সে নিরাপদে চলতে পারছে তো!
টিভি পর্দায় অথবা পত্রিকার পাতায় মৃত্যুর ভয়াবহ সংবাদে প্রতিটি জনপদে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সমস্যার সমাধান নেই, বিচার নেই। কয়েক দিন হই চই, স্লোগান, মানববন্ধন; তারপর নতুন আরেকটি নৃশংস ঘটনার মাঝে চাপা পড়ে আগের ঘটনা। ধীরে ধীরে আমরা অতীত ভুলে যাই। কিন্তু আতঙ্ক মোছে না। আতঙ্কের কারণে শিশুদের পৃথিবী ছোট হয়ে আসে। এর নাম কি বেঁচে থাকা!
শাকিলা নাছরিন
ঢাকা।