বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর অন্যতম টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া জামে মসজিদ। ৪০০ বছর আগে মোগল আমলে আতিয়া পরগনার জমিদার সাইদ খান পন্নী বিভিন্ন কারুকাজ-সংবলিত টেরাকোটার ইট ও চুন-সুরকির গাঁথুনিতে মসজিদটি নির্মাণ করেন, যার ছবি ১০ টাকার নোটে মুদ্রিত ছিল। এই মসজিদে নানা রকমের টেরাকোটার অলংকরণ ছাড়াও আছে দুর্লভ শিলালিপি।
মসজিদটির মূল নকশা ঠিক রেখে ১৮৩৭ সালে এটি সংস্কার করেন দেলদুয়ার জমিদার বাড়ির রওশন খাতুন চৌধুরানী, এরপর ১৯১৯ সালে দেলদুয়ারের জমিদার আবু আহম্মেদ গজনবী ও করটিয়ার জমিদার ওয়াজেদ আলী খান পন্নীও (দ্বিতীয়) এটি সংস্কার করেন। এই মসজিদটিতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার পাশাপাশি মক্তবের ক্লাস করানো হয়। দেশ-বিদেশ থেকে পর্যটকেরা আসেন এর স্থাপত্যশৈলী দেখতে। বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ অপূর্ব স্থাপত্যশৈলীটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকলেও বর্তমানে সংস্কারের অভাবে ধ্বংসের পথে ঐতিহাসিক এই জাতীয় সম্পদ। এলাকাবাসী আশা করেন, প্রত্নতত্ত্ব বিভাগ অনতিবিলম্বে মসজিদটি সংস্কার করে এই জাতীয় ঐতিহ্য সংরক্ষণ করবে।
বিপ্লব রহমান, আতিয়া, টাঙ্গাইল।