জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না সরকারি কলেজগুলো! এ লক্ষ্যে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এই সংবাদ প্রকাশের পর জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিশেহারা হয়ে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য উদ্ভট সব পরিকল্পনা প্রণয়ন করতে যাচ্ছে, যা মোটেও বাস্তবসম্মত নয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসএসসি ও এইচএসসির জিপিএর ভিত্তিতে আগামী ১ অক্টোবর থেকে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। এর ফলে নানা সমস্যা সৃষ্টি হবে।
এতে গ্রামের অধিকাংশ ছাত্রছাত্রীই উচ্চশিক্ষা গ্রহণের সর্বশেষ সুযোগটিও হারাবে। গত কয়েক বছরের ভর্তি পরীক্ষা পর্যালোচনা করে দেখা যায়, জিপিএ–৫ প্রাপ্তরা মেধার ভিত্তিতে ভালো বিষয়ে পড়ার সুযোগ পায় না। এতে সাধারণ ছাত্রছাত্রীরা মেধা থাকা সত্ত্বেও পিছিয়ে পড়বে।
জিপিএর ভিত্তিতে ভর্তির সুযোগ যদি বাস্তবসম্মতই হতো, তাহলে মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয় শুধু জিপিএর ভিত্তিতেই ভর্তি নিত।
পরিসংখ্যানে দেখা যায়, ভালো মানের সরকারি কলেজগুলোয় জিপিএ-৫ নিয়েও অনেক ছাত্রছাত্রী ভর্তির সুযোগ পায় না। এর প্রধান কারণ আসনসংখ্যার অপর্যাপ্ততা এবং শহরের কলেজগুলোর জিপিএ-৫-এর আধিক্য। সুতরাং এই বাস্তবতায় মফস্বলের বা গ্রামের ছেলেমেয়েদের সুযোগ পাওয়ার প্রশ্নই আসে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে গরিবের সন্তানের শিক্ষার সুযোগ সংকুচিত হবে। তারা তো আর পাইকারি হারে গৃহশিক্ষক রেখে ভালো ফলাফল করতে পারবে না, ফলে তাদের শিক্ষা গ্রহণও ব্যাহত হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত থেকে সরে আসুক, সেটাই আমাদের কাম্য।
শুভ আকন্দ
শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়।