আমাদের দেশের আদালতগুলো সাধারণত দুই শ্রেণিতে বিভক্ত: নিম্ন আদালত ও উচ্চ আদালত। উভয় শ্রেণির আদালতই আমাদের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। সমাজের সর্বস্তরের জনসাধারণই এতে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। শিক্ষিত, অশিক্ষিত, ধনী, দরিদ্র, উঁচু-নিচু ভেদাভেদ সবার পদচারণাই আদালতে ঘটে থাকে।
নিম্ন আদালতে কিছু কিছু ক্ষেত্রে মাতৃভাষার চর্চা লক্ষ করা গেলেও উচ্চ আদালতে মাতৃভাষার চর্চা মোটেই নেই। যদিও উন্নত বিশ্বের আদালতগুলোয় মাতৃভাষার অধিক চর্চা পরিলক্ষিত হয়। আদালতে মাতৃভাষার চর্চা বৃদ্ধি করা গেলে দেশ ও জাতি লাভবান হবে।
এ ব্যাপারে মাঝেমধ্যে সেমিনার-সিম্পোজিয়াম অনুষ্ঠিত হয়ে থাকলেও বাস্তবে আমাদের দেশের সর্বশ্রেণির আদালতে মাতৃভাষার চর্চা এখনো পুরোপুরি শুরু হয়নি।
দেশ ও জাতির সর্বস্তরের জনগণের উপকার চাইলে এখন থেকেই নিম্ন এবং উচ্চ আদালতের সব জায়গায় মাতৃভাষার নিরঙ্কুশ চর্চা একান্ত আবশ্যক।
বিষয়টির প্রতি আইন মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. তাজুল ইসলাম খান
গেন্ডারিয়া, ঢাকা।