আদিবাসীদের গ্রামে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি হত্যার ঘটনাকে কেন্দ্র করে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের হাবিবপুর গ্রামে (আদিবাসীদের কাছে চিড়াকূটা নামে পরিচিত) ২৪ জানুয়ারি সকালবেলায় ভূমিদস্যুরা হামলা চালিয়ে আদিবাসীদের ৬০টির অধিক ঘরবাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে। আমরা সংবাদপত্রের মাধ্যমে ঘটনার ভয়াবহতা সম্পর্কে জেনেছি।
কিন্তু এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার হতে শুনিনি। আদিবাসীদের লুট হয়ে যাওয়া কিছু গরু, ছাগলসহ বেশ কিছু জিনিসপত্র পুলিশ উদ্ধার করলেও কারা লুট করল, তাদের একজনকেও ধরতে পারেনি। এখন পর্যন্ত যেটুকুই পুলিশ উদ্ধার করেছে, সেটা তারা কোথায় পেয়েছে বা ওই সময় কার কাছ থেকে উদ্ধার করা হয়েছে, সে সম্পর্কেও আমরা কিছু জানি না। আইনের মারপ্যাঁচে ফেলে পুলিশ প্রশাসন খুব সহজেই বলছে, যেহেতু লুটপাটের ঘটনায় মামলা হয়নি, তাই কাউকে ধরা যাচ্ছে না।
আদিবাসীরা মামলা করার পর প্রশাসন হয়তো আইনের নতুন কোনো ফাঁক খুঁজে বের করবে। আদিবাসীদের জীবনে এটাই যেন সত্য। আদিবাসীরা অপরাধ করলে তাদের শাস্তি পেতেই হবে, আর অন্যরা করলে তাদের শাস্তি না দিয়ে প্রকারান্তরে উৎসাহিত করা হবে—এটা কোন নীতি? কোন গণতন্ত্র? এক দেশে দুই রকম আইন চলতে পারে না।
মানিক সরেন
আদিবাসী সংগঠক ও মানবাধিকারকর্মী।