আনন্দময় পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একজন শিক্ষকের পাঠদান পদ্ধতির ওপরই নির্ভর করে একজন শিক্ষার্থীর শিক্ষালাভের ব্যাপারটা। তাই পাঠদান আনন্দময় করে তোলার দায়িত্বটা পুরোপুরিভাবে শিক্ষকের ওপরই বর্তায়। যেমন, প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে ছড়া, কবিতা পাঠ করার সময় যদি একটু অভিনয় করে দেখানো যায়, তাহলে শিক্ষার্থীদের মধ্যে সেটি পড়ার ও মনে রাখার উৎসাহ সৃষ্টি করে।

পাঠদান স্বতঃস্ফূর্তভাবে করার এবং আনন্দময় পরিবেশ তৈরির প্রথম ও প্রধান উপায় হচ্ছে শিক্ষা উপকরণ। এই শিক্ষা উপকরণগুলো বিভিন্ন বিষয়ের পাঠ অনুযায়ী তৈরি করা হয়। অনেক অমনোযোগী শিক্ষার্থীও পড়াশোনায় প্রাণ খুঁজে পায় শিক্ষায় বিভিন্ন উপকরণ ব্যবহারের কারণে।

শিক্ষার্থীদের কোনোভাবেই মুখস্থবিদ্যার ক্ষেত্রে উৎসাহ দেওয়া যাবে না। পাঠ থেকে জ্ঞান আহরণের মজার প্রতি উদ্বুদ্ধ করতে হবে। অনেক সময় পত্রপত্রিকায় ‘ঝরে পড়া’র খবর প্রকাশিত হয়। আর এই ঝরে পড়া শুধু দারিদ্র্য কিংবা অভিভাবকদের উদাসীনতার ওপর নির্ভর করে না। অনেক সময় পড়ালেখার প্রতি ভীতিও শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দেয়।

ইংরেজি ও গণিত বিষয়ের উপকরণগুলোর ওপর গুরুত্বটা বেশি দেওয়া প্রয়োজন। খেয়াল রাখা উচিত, উপকরণ যাতে অধিক মাত্রায় দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। এতে করে ইংরেজি ও গণিত বিষয়ের ওপর দুর্বলতা বা ভয় দুই–ই কমে আসবে। এ রকম নানা কৌশল ব্যবহারের মাধ্যমে এ লক্ষ্য অর্জন করা সম্ভব।

সঞ্জয় কুমার ভৌমিক

সহকারী শিক্ষক, শ্রীমঙ্গল।