আন্তর্জাতিক বিমানবন্দর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট মামা বিদেশে যাবে বেশ কয়েক বছরের জন্য। তাই নানাকে সঙ্গে করে মামাকে বিদায় দিতে ২ মে সন্ধ্যায় উপস্থিত হলাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ঘোরাঘুরি করতে গিয়ে একটা বিষয় খুব খারাপ লাগল। নিয়ন আলোতে ইংরেজি, আরবি এবং বাংলা—মোট তিন ভাষাতে বিমানবন্দরের নাম লেখা। রাতে তা খুব সুন্দর দেখায়।
লক্ষ করলাম, শুধু বাংলা লেখাটাতে সুন্দরের পরিবর্তে অসুন্দরের সমাহার। মোট পাঁচটি শব্দের মধ্যে তিনটিরই হ-য-য-ব-র-ল অবস্থা। নিয়ন আলো পদ্ধতিতে সমস্যার কারণে এই হাল। সকালে গিয়ে দেখতে পাই, দিনের বেলায় সব নামই ঠিকঠাক দেখাচ্ছে। বিমানবন্দর এলাকায় কর্তব্যরত বেশ কয়েকজন নিরাপত্তাকর্মীর কাছে জানতে চাইলে তারা বলেন, ‘এই সমস্যা প্রায় এক মাসেরও অধিক সময়ের এবং কর্তৃপক্ষ বিষয়টা জানে।’
যেহেতু এটা আমাদের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর, সেহেতু দিনের পর দিন এই অবহেলা সত্যিই অনাকাঙ্ক্ষিত। বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর ডিজিটাল বাংলাদেশে এমন অবহেলা দিনের পর দিন কোনোমতেই কাম্য হতে পারে না।
ওয়ালীউল্লাহ মিঠু
শিক্ষার্থী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।