আন্তর্জাতিক স্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৭১ সালে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মাধ্যমে আমরা এক স্বাধীন ভূখণ্ড পেয়েছি। ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি সেনাবাহিনীর বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ডকে ‘গণহত্যা দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় সংসদে সর্বসম্মত প্রস্তাব গৃহীত হয়েছে। এ দিবস আমাদের স্বাধীনতাযুদ্ধের বীর সৈনিকদের স্মরণের দিবস। মুক্তিযোদ্ধাদের ইতিহাস রচনার দিবস। গণহত্যাকারীদের প্রতি ঘৃণা জানানোর দিবস। সেই বর্বরোচিত হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিবস।
এ দিবস পালিত হলে পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক ঘৃণ্য হত্যাকাণ্ড বর্তমান ও পরবর্তী প্রজন্ম স্মরণে রাখতে পারবে। এ জন্য দেশীয় স্বীকৃতির পাশাপাশি আন্তর্জাতিক স্বীকৃতি অত্যন্ত প্রয়োজন। এ ব্যাপারে বর্তমান সরকারের অধিক আন্তরিকতা আমাদের আশা দিয়েছে। আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের আনতেই হবে। এ ব্যাপারে আরও জোর তাগিদ আশা করছি।
মো. আজিনুর রহমান
নীলফামারী