আবারও ফিরে এসেছে পেট্রলবোমা। ২০১৩ সালে এই পেট্রলবোমার কারণে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে আগুনে পোড়া মানুষদের আহাজারি ধ্বনিত-প্রতিধ্বনিত হয়েছে। মাংস পোড়া গন্ধ, পোড়া মানুষের অবর্ণনীয় কষ্ট, তাঁদের স্বজনদের আর্তনাদে সেখানে কান পাতাই দায় ছিল। এমনকি তা সারা দেশেও সঞ্চারিত হয়েছে। সেই পেট্রলবোমার আঘাতে দগ্ধ হলো আরেকটি পরিবার। তাদের জীবনের নেমে এল নিকষ কালো অন্ধকার।
হরতালের দিন পিকেটারদের ঢিলের আঘাতে এক শিক্ষিকা মারা গেছেন। ক্ষমতা দখলের ইঁদুর–দৌড়ে সব সময়ই বলি হয় সাধারণ মানুষ। এবারও আমরা তার পুনরাবৃত্তি দেখলাম।
হরতাল, আন্দোলন—এগুলো এখন সাধারণ মানুষের কাছে আতঙ্ক। এই রাজনীতি থেকে তারা কবে সরে আসবে, তা আমরা জানি না। যে মানুষ তাদের ভোট দিয়ে নির্বাচিত করে, তাদের এভাবে অসহায়ত্বের দিকে ঠেলে দেওয়া কোন গণতন্ত্র, তা আমাদের বুঝতে কষ্ট হয়। আশা করি, রাজনৈতিক দলগুলো এরূপ সহিংসতা পরিহার করবে।
সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।