আবাসনের চাহিদা পূরণে শহুরে নাগরিকদের জন্য নির্মাণপ্রতিষ্ঠানগুলো অগ্রণী ভূমিকা পালন করে থাকে। কিন্তু এরা কেবল রাজধানী ঢাকা শহরকেই প্রাধান্য দিয়ে থাকে। রাজধানী শহর লোকাধিক্যে প্রায় বসবাসের অযোগ্য হয়ে উঠেছে। অনেকেই এখন এই ধূলিময় ঢাকা শহর ছেড়ে অন্য জায়গায় বসবাস করতে চান। পদ্মা সেতুর কাজ চলছে। সেতুর ওপারে দক্ষিণাঞ্চলের আবাসনশিল্পসহ অন্যান্য শিল্প স্থাপনেও উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে। ঢাকা শহরের বাইরে চাহিদা অনুযায়ী শ্রেণিভিত্তিক আবাসিক জোন তৈরি করে এ সমস্যার সমাধান করা যেতে পারে। কারণ, খোলামেলা ও সবুজে ঘেরা পরিবেশে অনেকেই বসবাস করতে আগ্রহী হবে।
পদ্মা সেতুর কাজ সম্পন্ন হলে শরীয়তপুর, ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলোর সঙ্গে ঢাকার যোগাযোগ খুবই সহজ হয়ে যাবে। এসব অঞ্চলে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হলে অনেকেই ঢাকা ছেড়ে এসব জায়গায় বসবাস করতে আগ্রহী হবেন। তাঁরা চাইলে প্রতিদিন ঢাকায় আস-যাওয়া করতে পারবেন। ফলে এই এলাকায় আবাসন খাতে বিনিয়োগ করা অলাভজনক হবে না। আশা করি, সরকার বিষয়টি ভেবে দেখবে।
জে. কবির, ঢাকা।