সবাই জানে, শিক্ষা জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া মানুষ যেমন অসম্পূর্ণ, শিক্ষা ছাড়াও জাতি অসম্পূর্ণ। এখন প্রশ্ন হলো, কোনো শিক্ষা ছাড়া জাতি অসম্পূর্ণ?
সব শ্রেণির অভিভাবকের উদ্দেশে বলছি, আপনারা কত কষ্ট করে সন্তানদের পড়াশোনায় অর্থ ব্যয় করেন। কিন্তু আমরা কী শিখছি, তা কি আপনারা জানেন না? জিপিএ গোল্ডেনপ্রাপ্ত হাজার হাজার ছাত্রছাত্রীর মধ্যে এক হাজার ২০০ জন শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তির চেষ্টা করে মাত্র দুজন পাস করেছেন। এ ক্ষেত্রে কষ্টের টাকা কোথায় ঢালা হচ্ছে বলে মনে হয়?
এদিকে চলতি বছর নিবন্ধন পরীক্ষায় মাত্র ৩২ শতাংশ পাস করেছে। এ জন্য আবার পরীক্ষার আয়োজন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কিছু না শিখে শুধু ক্লাস পাস করা, এতে আমরা কি শিক্ষিত হচ্ছি? আমরা আসলে কোথায় চলেছি? বিশিষ্ট লেখক হাসান আজিজুল হক বলেছেন, আমাদের আগামী প্রজন্মে কোনো বুদ্ধিজীবী-চিন্তক থাকবেন না। এসব তাদের কাছে অপ্রয়োজনীয় বলে মনে হবে।
এসবের গোড়ায় রয়েছে শিক্ষাব্যবস্থা। রাষ্ট্র পরিচালনাকারী ব্যক্তিদের বোঝা দরকার, পরবর্তী প্রজন্ম কোথায় যাচ্ছে—জ্ঞানে না সনদে? শুধু সনদে কি চলবে? এই সনদনির্ভর শিক্ষা দিয়ে কি আমরা ডিজিটাল বাংলাদেশ গড়তে পারব?
মনসুর, নোয়াখালী।