ছোটবেলার কবিতা—‘আমি হব সকাল বেলার পাখি।/ সবার আগে কুসুমবাগে/ উঠব আমি ডাকি।’ আগেকার সেই কবিতা এখনো প্রাণে অনুপ্রেরণা জোগায়। সকাল হতেই উঠতে হতো, না উঠলে মা-বাবা উঠিয়ে দিতেন। এখনকার দিনবদলের পালায় ছেলেমেয়েরা সকাল হলেই ঘুমাতে যায়। সারা রাত লেখাপড়া, মোবাইল, ফেসবুক—এসব নিয়ে ব্যস্ততায় সময় অতিক্রম করে। ছেলেমেয়েরা সূর্যোদয়ের সৌন্দর্য উপভোগ করতে পারে না। রাত হয়ে গেছে দিন, দিন হয়ে গেছে রাত।
বাস্তবিক আমরা যেমন জেগে ঘুমাই, তেমনি আমাদের বিবেক, আবেগ, অনুভূতিগুলো ঘুমন্ত। আমরা দেখেও দেখি না, শুনেও শুনি না। ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা সহজ। ৯ জুলাই রাজধানীর মিরপুরে ‘বাঁচাও বাঁচাও’ বলে এক তরুণী চিৎকার করছিলেন। রক্তাক্ত অবস্থায় একবার ঘরের বারান্দায় আসছিলেন। পরক্ষণে তাঁকে টেনেহিঁচড়ে ঘরের ভেতরে নেওয়া হচ্ছিল। বাইরে থেকে প্রতিবেশী অনেকেই ঘটনাটি দেখছিলেন। কিন্তু কেউ এগিয়ে আসেননি। প্রতিবেশীরা এগিয়ে এলে মেয়েটি হয়তো বেঁচে যেত। আমরা শহরে যারা আছি, নিজেকে নিয়ে এতই ব্যতিব্যস্ত যে পাশের বাসায়, পাশের ফ্ল্যাটে কী হচ্ছে, তার খবর রাখি না, খবর শুনলেও এগিয়ে যাই না, সাহায্যে হাত বাড়িয়ে দিই না। এই হচ্ছে শহরের সামাজিকতা!
কিন্তু মানুষ এভাবে ঘুমিয়ে থাকলে তো হবে না। তাকে নিজের ও পরের অধিকারের বিষয়ে জাগতে হবে, বুক টান করে দাঁড়াতে হবে।
গৌরব জি. পাথাং, রামপুরা।