আমরা লাশ হতে চাই না
উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে জীবনের সম্ভাবনার দ্বারগুলো বন্ধ করে দিচ্ছে ধারালো সব অস্ত্র কিংবা বুলেট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের একপর্যায়ে সংস্কৃত বিভাগের প্রথম বর্ষের ছাত্র তাপস পালের জীবনপ্রদীপ নিভে গেল। বিশ্ববিদ্যালয়ে কেন এই ভ্রাতৃঘাতী পরিবেশ?
আমাদের স্বপ্ন চুরি হয়ে যাচ্ছে আর সেটা করছেন রাজনীতিকেরা। হতাশা আর অস্থিরতার কালো মেঘে ছেয়ে গেছে আমাদের স্বপ্নের আকাশ। আস্থা হারিয়ে ফেলি সমাজের প্রতি, সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি, মানুষের প্রতি। অস্থির হয়ে উঠি যেকোনো মূল্যে ব্যক্তিগত সাফল্যের জন্য। আর তখনই আবির্ভূত হন রাজনৈতিক কর্তাব্যক্তিরা। বলেন আমার দলে যোগ দাও, ব্যক্তিগত প্রতিষ্ঠা মিলবে। আমরা খুশিতে আটখানা হয়ে ভিড়ে যাই তাঁদের দল-উপদলগুলোতে। আমাদের বলা হয় টার্গেট প্র্যাকটিস করতে আমাদের প্রিয়জনের বুকে। বিনিময়ে ব্যক্তিগত প্রতিষ্ঠা (ডাইনিংয়ে ফ্রি খাবার, হলের সিট, পরীক্ষায় বিশেষ সুবিধা, ক্যাম্পাসে প্রভাব, চাকরির পরীক্ষায় দলীয় সুবিধা, অতঃপর মোটা বেতনের চাকরি)। অথবা কর্তাব্যক্তিদের ভালো পোষ মানা হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পাওয়ার সম্ভাবনা। আমাদের বোবা ও অন্ধ বানিয়ে রাজনীতির মাঠে কিছু ব্যক্তি সুবিধা ভোগ করছেন। নিজের পথ পরিষ্কার করার জন্য বুলেট ছুড়ছি, কুপিয়ে কাঁধ নামিয়ে দিচ্ছি সহপাঠীর।
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ছাত্রই সমাজ উন্নয়নে অবদান রাখার সামর্থ্য রাখেন। অথচ এখানে আমাদের হতে হয় লাশ। আমরা আর লাশ হতে চাই না। সহপাঠীর লাশ মাড়িয়ে ক্লাস করতে চাই না।
মামুন আল কাইয়ুম
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।