দেশের নদ-নদীর মোট দৈর্ঘ্য প্রায় ২৪ হাজার ১৪০ কিলোমিটার। সারা দেশে পণ্য ও যাত্রী পরিবহনে একসময় আমাদের নদীপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ ছাড়া বাংলাদেশ কৃষিপ্রধান দেশ হওয়ায় দেশের বড় নদ–নদীগুলোই সারা বছর কৃষিকাজে পানির জোগানও দিয়েছে। বর্তমানে বর্ষাকালে নদ-নদীগুলোতে প্রতি সেকেন্ডে প্রায় ১ লাখ ৪০ হাজার ঘনমিটার পানি প্রবাহিত হয়, শুকনো মৌসুমে তার পরিমাণ কমে দাঁড়ায় মাত্র ৭ হাজার ঘনমিটারে।
অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে, নদী সংস্কারে কার্যকর পদক্ষেপের অভাবে আমাদের দেশের বেশির ভাগ নদ-নদী আজ হারিয়ে গেছে অথবা শুকিয়ে গেছে। অনেক নদ-নদীরই ইতিহাস আছে, কিন্তু বর্তমানে এগুলোর আর অস্তিত্ব নেই। ঢাকার বুড়িগঙ্গাসহ বিভাগীয় ও জেলা শহরগুলোতে যে নদ-নদীগুলো প্রবাহিত হয়, সেগুলো বর্তমানে বড় বড় ডাস্টবিনে পরিণত হয়েছে। ফলে এই নদ-নদীগুলোর পানির দূষণ সর্বোচ্চ মাত্রায় রয়েছে। এই নদ-নদীগুলোতে কোনো মাছ বা জলজ উদ্ভিদ নেই বললেই চলে। বহু মানুষের জীবন-জীবিকা ও যাতায়াতব্যবস্থা নদ-নদীর সঙ্গে সম্পর্কিত। পদ্মা সেতুর মতো বড় বড় কাজ যদি আমরা নিজেরাই করতে পারি, তাহলে দেশের নদ-নদীগুলো রক্ষা করার সামর্থ্য আমাদের থাকবে না কেন? সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশের নদ-নদীগুলোর খননকাজে হাত দিতে হবে। নদ-নদীর নাব্যতা যেভাবেই হোক ফিরিয়ে আনতে হবে এবং নদীদূষণ অবশ্যই বন্ধ করতে হবে।
বিপ্লব রহমান, ফরিদপুর।