শিক্ষকেরা চিরকালই নির্যাতিত। আমি যে বিদ্যালয়ে শিক্ষকতা করি, সেখানে ছাত্র ভর্তির সময় এককালীন ১০ হাজার টাকা নেওয়া হয়। আর বেতন প্রতি মাসে এক হাজার টাকা, পরীক্ষা ফি বাবদ ৫০০-৬০০ টাকা নেওয়া হয়। অথচ পরীক্ষার হলে ডিউটি ও খাতা দেখা বাবদ আমাদের কোনো অর্থ দেওয়া হয় না।
ইউনিফর্ম ও বই-খাতা বিক্রি করে কর্তৃপক্ষ আরও অর্থ আদায় করছে। আর কোচিং-বাণিজ্য, সেটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। কোচিংয়ের মোট টাকার পাঁচ ভাগের এক ভাগ শিক্ষকদের দেওয়া হয়। যেখানে কোটি কোটি টাকার বাণিজ্য হচ্ছে, সেখানে একজন শিক্ষকের বেতন মাত্র ৫ হাজার ৫০০ টাকা। জীবনের স্বর্ণসময় লেখাপড়ার পেছনে ব্যয় করেছি, খরচ করেছি বাবার লাখ লাখ টাকা, প্রতিদানে বেতন পাচ্ছি মাত্র ৫ হাজার ৫০০ টাকা।
বাংলাদেশে গজিয়ে ওঠা হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠানের অডিট হওয়া উচিত, সেখানে শিক্ষকদের ন্যায্য বেতন দেওয়া হচ্ছে কি না।
জীবন, পশ্চিম রামপুরা, ঢাকা।