অনেক হয়েছে, আর নয়, এবার আমাদের রেহাই দিন। আমরা স্বাভাবিক জীবন যাপন করতে চাই। আমাদের আর পেট্রলবোমায় মারবেন না। সরকারকে তো নড়াতে পারলেন না। তাহলে আমজনতাকে কষ্ট দিয়ে লাভ কী? বরং আমাদের স্বাভাবিক কাজকর্ম করতে দিন, তাহলেই মানুষ আপনাদের প্রতি সহানুভূতি দেখাবে।
আমরা ক্ষমতার স্বাদ নিতে চাই না। আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মগুলো করতে পারলেই দেশ সুষ্ঠু ও সুন্দরভাবে এগিয়ে যাবে। আমাদের সন্তানেরা ঠিকমতো লেখাপড়ার সুযোগ পেলেই আমাদের সুখ। কিন্তু এ জন্য আপনাদের সদিচ্ছা ও সহযোগিতাও একান্তভাবে প্রয়োজন।
আন্দোলন করে সরকারকে ফেলে দেওয়ার ইচ্ছা থাকলে আগের দিনের রাজা-বাদশাহদের মতো পূর্ব ঘোষণা দিয়ে নির্দিষ্ট মাঠে-ময়দানে গিয়ে মুখোমুখি লড়াইয়ে নামুন। যে জিতবে সে-ই সিংহাসনের (ক্ষমতার) অধিকারী হবে। আমরা প্রজা আছি চিরকাল প্রজাই থাকি, তাতেই আমাদের সুখ।
সৃষ্টিকর্তার সংবিধান অনুসারে মৃত্যুর পর আমাদের স্থান সাড়ে তিন হাত মাটির নিচে। আমাদের তো আর ভোগ-বিলাসের সামগ্রী দিয়ে আপনাদের মৃতদেহের মতো সুদৃশ্য পিরামিডের ভেতর মমি করে রাখা হবে না। তবু এতেই আমাদের সুখ। সেই সুখ অনুভবের জন্য আমাদের স্বাভাবিক মৃত্যুর সুযোগ দিন। আমাদের দয়া করে আর পেট্রলবোমায় পুড়ে কয়লা করবেন না।
মিলন সরকার, ঢাকা।