আর কত নারী নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন পত্রিকায় নারী নির্যাতনের সংবাদ ছাপা হয়। তবে দেশে যে হারে নারী নির্যাতন হচ্ছে, তার অর্ধেক খবরও পত্রিকায় আসে না। অনেক নির্যাতনের কাহিনি চার দেয়ালের মধ্যে গুমরে মারা যায়। অতীতে শুধু বিবাহিত নারীরা যৌতুক আর স্বামীর পরকীয়ার কারণে নির্যাতিত কিংবা খুন হতেন। বর্তমানে যোগ হয়েছে তরুণীদের প্রেমিক অথবা প্রেমে ব্যর্থ প্রেমিকের নির্যাতন।
সর্বশেষ পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাটি আমাদের দেখিয়ে দিয়েছে নারী নির্যাতন কাকে বলে। আর বিচার দাবি করলে তার পরিণতির দৃশ্যও গণমাধ্যমের বদৌলতে আমরা দেখেছি। অনেক শিক্ষার্থী বখাটেদের উত্পাতে লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। যে দেশে প্রধানমন্ত্রী, সংসদের প্রধান স্পিকার, বিরোধীদলীয় নেত্রী নারী, সেই দেশে কীভাবে নারী নির্যাতন হয়?
শুধু তাই নয়, নারী নির্যাতন করার পরেও অনেকে পার পেয়ে যাচ্ছে আইনের ফাঁকফোকর দিয়ে। ধর্ষণের মামলায় রাজনৈতিক মামলা হিসেবে পার পেয়ে যায়। দিনাজপুরের মেয়ে ইয়াসমিনের বিচার যেভাবে হয়েছিল, তেমনি যদি দু-একটি শাস্তি কাউকে দেওয়া হয়, তাহলে কোনো মেয়েকে পড়াশোনা বাদ দিতে হবে না। ধর্ষিত হতে হবে না কোনো স্কুলপড়ুয়া শিশুকে। আদালতে বিচারের আশায় ঘুরতে হবে না কোনো নির্যাতিত কিংবা ধর্ষিত নারীকে।
তেমন হলে নারীরা অবাধে বাইরে যেতে পারবেন। যে রাষ্ট্রের তিনটি প্রধান গুরুত্বপূর্ণ পদে আসীন রয়েছেন নারীরা, সে দেশে এটা আশা করা কি বাতুলতা?
এ কে এম কায়সারুল আলম
লালমনিরহাট।