আর কত লাশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ মানুষকে বাঁচতে সাহায্য করে, কথাটা আজকের পরিপ্রেক্ষিতে রূপকথার গল্পের মতো মনে হয়। মানুষ মানুষকে মরতে বাধ্য করে, এই সময়ে বাংলাদেশের ক্ষেত্রে এটাই সবচেয়ে যথার্থ উক্তি। মানুষের এই প্রতিনিয়ত অস্বাভাবিক মৃত্যুর খবর অন্যান্য খবরের মতো সাধারণ হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠে পোড়া শিশুর ছবি দেখে বিহ্বল হয়ে যেতে হয়।

‘পুড়ে গেল অন্ধ মায়ের স্বপ্ন’ প্রথম আলো পত্রিকার এই সংবাদটি আমার মনে এক যন্ত্রণা বোধ জাগিয়ে তুলেছে। মানুষ অন্ধ হলেও মনের আলোয় স্বপ্ন দেখে, ঠিক তেমনি এই জনম দুঃখী গরিব অন্ধ মায়েরও একমাত্র স্বপ্ন ছিল তঁার একমাত্র ছেলে সোহাগকে নিয়ে। কিন্তু পেট্রলবোমা ১৭ বছরের সোহাগকে শেষ করার সঙ্গে সঙ্গে শেষ করে দিল অন্ধ মায়ের আশার আলো।
রাস্তায় হাঁটার সময় এক চা ফেরিওয়ালাকে বলতে শুনেছি, এখন কি আর সোনার বাংলা আছে? এখন তো ডিজিটাল বাংলা। যে সোনার বাংলা একদিন মানুষ তার রক্ত দিয়ে এনেছিল, তা আজ আবার মানুষের রক্তে ডিজিটাল বাংলা হয়েছে।
আমরা যারা বাড়ির বাইরে থেকে পড়াশোনা করি, তাদের বাবা-মা সব সময় তটস্থ থাকেন। কখন পেট্রলবোমার হামলায় তাঁদের আদরের সোনামণির শরীর না ঝলসে যায় বা পুলিশের হয়রানির মুখে পড়ে। মানুষ শান্তিতে থাকতে চায়। দয়া করে, এই শান্তি নিশ্চিত করুন।
জান্নাত সুলতানা
ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।