আসুন, ঘুরে দাঁড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে এখন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। সরকার ব্যস্ত গণতন্ত্র রক্ষা করা নিয়ে আর বিরোধী দলগুলো ব্যস্ত রয়েছে গণতন্ত্র উদ্ধারে। তবে জনগণের কী হবে, এটা নিয়ে কে ব্যস্ত আছে, তা খুব একটা দৃশ্যমান নয়। জাতি হিসেবে আমরা খুব একটা এগোতে পারছি কি না, সেই প্রশ্ন সামনে এসেছে। শিক্ষক ক্লাসে পড়ানোর চেয়ে ব্যস্ত কোচিং সেন্টার নিয়ে, আর বাবা-মা ব্যস্ত অর্থ উপার্জনের জন্য। কিন্তু সেই অর্থ কাজে লাগছে কি না, সে বিষয়ে ভাবার অবকাশ নেই। সন্তান কী শিখছে, কী করছে, সেদিকেও খেয়াল নেই।

দেশে এখন সর্বত্র ভেজালের দৌরাত্ম্য। ওষুধে ভেজাল, খাবারে ভেজাল, পরীক্ষায় ভেজাল। ভেজাল খাবার ও ভেজাল ওষুধ গোটা জাতিকে ধ্বংস করে দিতে পারে। শিক্ষাব্যবস্থার ত্রুটির কারণে জাতি চিরতরে পঙ্গু হয়ে  যাবে। একজন শিক্ষকের হেফাজতে থাকা প্রশ্নপত্র যদি পরীক্ষার আগেই ফাঁস হয়ে যায়, তিনি কী নৈতিকতা শিক্ষা দেবেন? ‘বাংলাদেশকে ভালোবাসি’ স্লোগানে আমাদের সবাইকে এক কাতারে এসে দাঁড়াতে হবে। নৈতিক অবক্ষয় বন্ধ করতে হবে। দেয়ালে পিঠ ঠেকেছে।

আসুন, আমরা ঘুরে দাঁড়াই। আমাদের সুকুমারবৃত্তিগুলোকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে প্রতিজ্ঞাবদ্ধ হই। 

 হীরেন পণ্ডিত, ধানমন্ডি, ঢাকা।