প্রতিবছর সাধারণত আগস্ট-সেপ্টেম্বর মাসে জাতীয় রাজস্ব বোর্ড কেন্দ্রীয়ভাবে আয়কর মেলার আয়োজন করে থাকে। প্রায় সাত-আট বছর ধরে এই প্রক্রিয়া চলছে। প্রথমত, ঢাকায় শুরু হলেও পরে তা জেলা পর্যায়েও বিস্তৃতি লাভ করে। এ উদ্যোগে করদাতারা অত্যন্ত উপকৃত হচ্ছেন। এর সম্পূর্ণ কৃতিত্ব সরকার তথা জাতীয় রাজস্ব বোর্ডের। এর মাধ্যমে যেকোনো করদাতা সহজেই তাঁর আয়কর জমা দিয়ে রিটার্ন কপি সংগ্রহ করে ফেরত আসেন একই দিনে। সর্বাধিক দুই ঘণ্টা ব্যয় হয় যাবতীয় কাজ সম্পাদনে।
পরে ‘আয়কর প্রত্যয়নপত্র’ সংগ্রহের জন্য নিজ নিজ আয়কর অফিসে যেতে হয়। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, যথাযথ খরচাপাতি না করলে ওই ‘প্রত্যয়নপত্র’ দিতে গড়িমসি করা হয়। করদাতা সেটা পাওয়ার জন্য বারবার অনুরোধ করলে তাঁকে জানানো হয়, ‘ফাইলটি ভালোমতো দেখে অন্য দিন আসতে হবে।’ এভাবে দু-তিনবার করদাতাকে ঘুরিয়ে তবে সেটা দেওয়া হয়। তাঁরা প্রথমেই পরোক্ষভাবে এই হয়রানির সতর্কবার্তা দিয়ে থাকেন, যা মোটেই কাম্য নয়।
তাই এই হয়রানি বন্ধে আয়কর মেলাতেই রিটার্ন প্রদানের পাশাপাশি ওই প্রত্যয়নপত্রটিও দেওয়া হলে উপকৃত হব।
রাজন খান, ঢাকা।