একটি দেশের অর্থনীতি গতিশীল ও টেকসই হয় তখনই, যখন সে দেশে শক্তিশালী অভ্যন্তরীণ ভোক্তাশ্রেণি সৃষ্টি হয়। এতে
যেমন একটি দেশের উৎপাদিত পণ্যের মান বৃদ্ধি পাবে, তেমনি অর্থ ও পণ্যের হাতবদলের মাধ্যমে অর্থনীতিতে আসবে গতিশীলতা।
আমাদের দেশে শক্তিশালী ভোক্তাশ্রেণি তৈরিতে ভূমিকা রাখতে পারে ই-কমার্স। ই-কমার্সের মাধ্যমে যে একটি দেশের অভ্যন্তরীণ ভোক্তাশ্রেণির বৈপ্লবিক উত্থান হতে পারে, তার প্রকৃষ্ট উদাহরণ হলো চীনের আলিবাবা, যুক্তরাষ্ট্রের আমাজনসহ আরও অনেক
ই-কমার্স সাইট।
আলিবাবা সাইটের মাধ্যমে দৈনিক প্রায় ১ বিলিয়ন ইউএস ডলার পণ্যের ক্রয়-বিক্রয় হয়; যা বিশেষ দিনগুলোতে প্রায় চার
বিলিয়ন ডলারে পৌঁছায়। আমাজন সাইটের মাধ্যমেও এমন বিপুল পরিমাণ ক্রয়-বিক্রয় হয়। বাংলাদেশে ইন্টারনেট প্রসারের সঙ্গে সঙ্গে তরুণদের মাঝে ই-কমার্স জনপ্রিয় হয়ে উঠছে। আমাদের দেশের কর্মক্ষম ছয় কোটি মানুষের একটি বড় অংশই তরুণ, যাঁরা বেশ দ্রুতই ই-কমার্সে আকৃষ্ট হচ্ছেন। আর ঢাকা মহানগরের রাস্তার যে অবস্থা, তাতে তরুণেরা ঝামেলামুক্তভাবে কেনাকাটার জন্য ই-কমার্সের প্রতিই
আকৃষ্ট হবেন।
সরকারকে এই প্ল্যাটফর্ম এগিয়ে নেওয়ার জন্য উপযুক্ত নীতিমালা প্রণয়ন করতে হবে, এর মাধ্যমে লেনদেন করে যেন কেউ প্রতারিত না হয়, তা নিশ্চিত করতে হবে। বর্তমান ডিজিটাল যুগে অর্থনীতিতে গতিশীলতা আনতে ই-কমার্সের বিকল্প নেই।
মো. মোস্তাইন ইমতিয়াজ
শিক্ষার্থী, ঢাবি।