দেশের মাধ্যমিক শ্রেণির শিক্ষাব্যবস্থায় কমিউনিকেটিভ ইংরেজি শিক্ষাপদ্ধতি চালু রয়েছে। এ পদ্ধতিতে শিক্ষার্থীরা সহজেই (কম পড়াশোনা করে অথবা পড়াশোনা না করেই) পরীক্ষায় ভালো নম্বর পেতে পারে। পরীক্ষার হলে শিক্ষার্থীরা ১০ থেকে ১৫ মিনিট অসদুপায় অবলম্বনের সুযোগ পেলেই ২০ থেকে ৩০ নম্বরের উত্তর দিতে পারে। একসময় রচনামূলক প্রশ্ন ও লিখিত ব্যাকরণপদ্ধতির ইংরেজি শিক্ষাব্যবস্থা প্রচলিত ছিল, ফলে তখন ইংরেজি জ্ঞানের ভিত্তি বেশ সন্তোষজনক ছিল।
ইংরেজি শিক্ষাব্যবস্থায় লিখিত ব্যাকরণ, যেমন ভয়েস, ন্যারেশন, কারেকশন, রাইট ফর্ম অব ভার্বস, ট্রান্সলেশন, প্যাসেজ, পেয়ার্স অব ভার্বস, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস, আর্টিকেল, প্রিপজিশন এবং ইংরেজি প্রথম পত্রে বড় ও ছোট প্রশ্ন না থাকলে শিক্ষার্থীদের ইংরেজি শিক্ষার মান কখনোই সমৃদ্ধ হবে না।
তখনকার দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজি বিভাগে আসনের চেয়ে ৮ থেকে ১০ গুণ বেশি যোগ্য শিক্ষার্থী অপেক্ষমাণ তালিকায় থাকতেন। আর বর্তমান পদ্ধতির ইংরেজি শিক্ষাব্যবস্থায় গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইংরেজি বিভাগে মাত্র দুজন যোগ্য শিক্ষার্থী পাওয়া গেছে। কয়েক বছর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগেও প্রয়োজনীয়সংখ্যক যোগ্য শিক্ষার্থীর ঘাটতি ছিল। এ রকম আরও অনেক নজির রয়েছে। এ থেকেই দেশে ইংরেজি শিক্ষার মানের করুণ চিত্রটি ফুটে ওঠে।
কমিউনিকেটিভ ইংরেজি শিক্ষাপদ্ধতিই এর জন্য দায়ী। এই পদ্ধতিতে শিক্ষার্থীদের ইংরেজি তেমন মুখস্থ করতে হয় না এবং ব্যাকরণ অনুশীলন করতে হয় না। অথচ পরীক্ষায় তারা ভালো ফল করে। আবার দেখা যায়, অনেক শিক্ষার্থী পরীক্ষায় বিস্ময়করভাবে এ-প্লাসও পেয়ে যায়। ফলে দেখা যায়, ইংরেজিতে এ-প্লাস পাওয়া অনেক শিক্ষার্থী শুদ্ধভাবে প্যারাগ্রাফ লিখতে পারে না।
মোরশেদ হায়দার
হোমনা, কুমিল্লা।