বর্তমান শিক্ষাব্যবস্থার কারণে অধিকাংশ শিক্ষার্থী একাডেমিক পড়াশোনায় আনন্দ খুঁজে পায় না। উঠতি বয়সের ছেলেমেয়েরা নানা ধরনের মনস্তাত্ত্বিক সমস্যার শিকার হয়। জীবন সম্বন্ধে উপলব্ধির ক্ষমতাও তাদের তেমন একটা থাকে না। ফলে সহজেই তারা অন্যের দ্বারা প্রভাবিত হয়ে বিভিন্ন অনৈতিক ও সমাজবিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। তরুণসমাজকে এই নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে হলে তাদের জ্ঞানের আলোর সংস্পর্শে আনতে হবে। শিকড় থেকে শুরু করতে হবে পরিবর্তনের ইতিবাচক ধারা।
দেশের প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, শিক্ষিত ও সচেতন ব্যক্তিদের সমন্বিত উদ্যোগে সরকারি কিংবা বেসরকারিভাবে পাঠাগার স্থাপনের উদ্যোগ নিতে হবে। প্রতিটি পাঠাগারে পর্যাপ্ত ও বয়স উপযোগী মানসম্মত বই সরবরাহ করতে হবে। যোগ্য ব্যক্তিকে পাঠাগার তত্ত্বাবধানের দায়িত্ব দিতে হবে। মাঝেমধ্যে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে এবং পুরস্কার প্রদানের মাধ্যমে বই পড়ায় সবাইকে উৎসাহিত করতে হবে। এতে ছেলেমেয়েরা জানা ও শেখার মাধ্যমে মূল্যবান জীবনের মর্ম উপলব্ধি করতে সক্ষম হবে এবং অনৈতিক কাজ না করে দেশগঠনে অবদান রাখবে। চিন্তাটি কি খুবই কাল্পনিক?
মাসুমা রুমা, ঢাকা বিশ্ববিদ্যালয়।