ইউপি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) হচ্ছে স্থানীয় সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। কেননা, এর মাধ্যমে গ্রামের মানুষ তাদের স্থানীয় প্রতিনিধি নির্বাচন করে। আগের ইউপি নির্বাচনগুলোতে যদিও রাজনৈতিক দলগুলোর প্রত্যক্ষ ভূমিকা থাকত না, কিন্তু এবারের নির্বাচনে আইন সংশোধনের কারণে রাজনৈতিক দলগুলো সরাসরি প্রার্থী দিতে পারছে। এমনিতেই এই নির্বাচনে স্থানীয় ক্ষমতা, বিত্তবৈভব ইত্যাদি নানা ধরনের অনুঘটক হিসেবে কাজ করে, তার ওপর এবার নির্বাচনে সরাসরি রাজনৈতিক হাওয়া লাগায় ব্যাপক সহিংসতার আশঙ্কা রয়েছে।

ইতিমধ্যে পিরোজপুর, পটুয়াখালী প্রভৃতি জেলায় নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় কয়েকজনের মৃত্যু স্থানীয় সরকার বিশ্লেষকদের মনে আশঙ্কার সৃষ্টি করেছে। সুষ্ঠু ও সফল নির্বাচন আয়োজনের ব্যাপারে বাংলাদেশের নির্বাচন কমিশনের ভূমিকা সব সময় প্রশ্নবিদ্ধ হয়েছে। ফলে এবার নির্বাচন কমিশন কতটা দলনিরপেক্ষ নির্বাচন করতে পারবে, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে সারা দেশে যে অরাজকতার আশঙ্কা তৈরি হয়েছে, তা নির্মূলে সরকারকে পদক্ষেপ নিতে হবে।

প্রতিটি জেলায় পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে সেখানে বিজিবি, সেনাবাহিনীর সশস্ত্র প্রহরা বসাতে হবে। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনে বিশেষ ব্যবস্থায় ভোট গ্রহণ করতে হবে। আর তাহলেই ভোটতান্ত্রিক গণতন্ত্রের স্বার্থ রক্ষা সম্ভব।

মো. রহমত উল্লাহ

শিক্ষার্থী, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।