এ কথা সত্য, বই কিনে কেউ দেউলিয়া হয় না। তাই বলে কি কারও পক্ষে প্রয়োজনীয় সব বই কেনা সম্ভব? সংগ্রহ করাও কি সহজ? এ সমস্যার সমাধান করতে দেশের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে অসংখ্য পাঠাগার। বই পড়ার প্রতি যারা আগ্রহী, তারা সব সময়ই পাঠাগারের সঙ্গে সম্পর্ক রাখে। কিন্তু এটাকে আরও সহজ করতে এখন এসেছে ইন্টারনেট। এই ইন্টারনেট এখন পৃথিবীর সবচেয়ে
বড় পাঠাগার। ইন্টারনেট পৃথিবীকে আরও সহজ করে দিয়েছে। হাতের মুঠোয় চলে এসেছে পৃথিবীর পুরো পাঠাগার।
ইন্টারনেটের এই পাঠাগারকে কাজে লাগাতে পারলে যুবসমাজের জ্ঞানের পরিধি বেড়ে যাবে। ইন্টারনেটকে অসামাজিক নয়, সামাজিক উন্নয়নের কাজে লাগাতে হবে। বই পড়ার প্রতি মানুষের আগ্রহ দিন দিন কমেই যাচ্ছে। আগ্রহ বাড়ছে ইন্টারনেটের দিকে। তাই তো ইন্টারনেটের মাধ্যম পড়াশোনার প্রতি আগ্রহী করে তুলতে ইন্টারনেটে পাঠাগারের প্রতি সবার দৃষ্টি দিতে হবে। ইন্টারনেট হোক জ্ঞান বাড়ানোর মাধ্যম।
মো. আজিনুর রহমান
নীলফামারী।