প্রাণঘাতী ইবোলা ভাইরাসের সংক্রমণে পশ্চিম আফ্রিকায় এ পর্যন্ত এক হাজারের মতো মানুষের মৃত্যু হয়েছে এবং সেই সঙ্গে এটা দ্রুত ছড়িয়ে পড়ছে। এ পরিপ্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বব্যাপী জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি হিসেবে ঘোষণা করেছে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে নেওয়া হয়েছে ব্যাপক সতর্কতা। সেই ক্ষেত্রে আমাদের দেশেও সর্বোচ্চ সতর্কতা নেওয়া প্রয়োজন। কেননা, এবার যদি কোনো ব্যক্তির দ্বারা এর সংক্রমণ ঘটে যায়, তবে সেই পরিস্থিতি প্রতিরোধ করা কষ্টকর হয়ে যাবে।
এমনকি নিয়ন্ত্রণের বাইরেও চলে যেতে পারে। এই রোগের লক্ষণ, সংক্রমণের পদ্ধতি এবং অল্প সময়ে এতটা বিস্তার সত্যিই ভাবার বিষয়। এদিকে প্রাণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্ত মানুষের প্রবেশ ঠেকাতে গিনির কর্তৃপক্ষ লাইবেরিয়া ও সিয়েরা লিওনের সঙ্গে স্থলসীমান্ত সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। যেসব দেশে এই রোগের বিস্তার মহামারি রূপ নিয়েছে, সেখান থেকে প্রয়োজনে বাংলাদেশিদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সাময়িকভাবে ফিরিয়ে আনার পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সে ক্ষেত্রে কারও মধ্যে এ রকম (ইবোলা ভাইরাসের সংক্রমণের মতো) কোনো লক্ষণ দেখা গেলে জীবন রক্ষার্থে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া প্রয়োজন।
ইবোলা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির জন্য নির্দিষ্ট চিকিৎসাপদ্ধতি এখনো জানা যায়নি। তাই তা উদ্বেগজনক। তবু সবাই সচেতন হলে বাংলাদেশ নিরাপদে থাকবে।
সঞ্জয় কুমার ভৌমিক
শ্রীমঙ্গল।