মুঠোফোন আছে, কিন্তু তাতে ইয়ারফোন লাগিয়ে মানুষ গান শুনবে না, এটা হয় না। কিন্তু ইয়ারফোন কানে গুঁজে পথ চললে চরম বিপদ হতে পারে।
যখন আপনি কোনো কিছু শোনেন, তখন তা আপনার মস্তিষ্কে একধরনের কল্পনাশক্তির জন্ম দেয়, যা আপনাকে ওই চিন্তার মধ্যে ডুবিয়ে রাখে। ফলে তখন আশপাশের শব্দ আপনার কানে ঢুকলেও তা মস্তিষ্কে তেমন সাড়া ফেলে না।
এ কারণে গান শোনার সময় গাড়ির হর্ন শোনা যায় না। সে কারণে গাড়ি বা বাইক চালানো অথবা বিপজ্জনক কাজের সময় ইয়ারফোন ব্যবহারে সচেতন হওয়া প্রয়োজন।
আপনি গান শুনুন, এতে বাধা নেই। তবে ব্যস্ত রাস্তায় অথবা দুরূহ কাজের সময় ইয়ারফোনে গান শোনা থেকে বিরত থাকুন। যিনি গান শুনছেন, তিনি যে শুধু নিজের বিপদ ডেকে আনছেন, তা নয়। তিনি আশপাশের মানুষকেও বিপদের মুখে ফেলতে পারেন।
স্রেফ এ কারণে গত কয়েক বছরে ঢাকা শহরে বহু মানুষ ট্রেনে কাটা পড়ে মারা গেছে। তারপরও আমরা সচেতন হচ্ছি না। এটা অবিমৃশ্যকারিতা। এসব ঘটনা বিবেচনায় নিয়ে আমরা যদি সচেতন না হই তবে এ ধরনের আরও ঘটনা ঘটবে।
সাঈদ চৌধুরী
গাজীপুর।