ঈদে নৌ-নিরাপত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিনাক-৬ যখন ডুবে গেল, তখন কেউ সেই দৃশ্য ভিডিও করেছিল। সে দৃশ্য আমরা দেখেছি। আবার ঈদ এসেছে। শিগগিরই মানুষ বাড়ি ফিরতে শুরু করবে। নদীপথে বাড়ি ফিরবে অনেক মানুষ। টিকিট বিক্রিও শেষের দিকে। কিন্তু নিরাপত্তার কথাটা যেন কেউ মনে করছে না।
দেখা যায়, লঞ্চমালিকেরা প্রতিবছরই ফিটনেসবিহীন লঞ্চগুলো রং করে পানিতে নামিয়ে দেন। এবারও সে কাজ শুরু হয়েছে। কিন্তু এই অনিয়ম যেন দেখার কেউ নেই। এখনো সময় আছে। মানুষ বাড়ি ফিরতে শুরু করার আগেই এ ব্যাপারে সচেতন হওয়া প্রয়োজন। এখন সব নদীতেই পানি বেশি, ফলে এবার দুর্ঘটনার আশঙ্কাও বেশি। নৌযানের সব ফিটনেস পরীক্ষা করার ব্যবস্থা করা হোক। কোনো নৌযানে যেন ধারণক্ষমতার বেশি যাত্রী না ওঠে, সেটা তদারকির ব্যবস্থা করা হোক, ভাড়ার ব্যাপারেও সঠিক পদক্ষেপ নেওয়া হোক।
নৌপরিবহন মন্ত্রণালয়ের কাছে বিনীত নিবেদন, দুর্ঘটনার আগে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তার একটি খসড়া প্রকাশ করে সব মালিককে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হোক। মানুষের যাতায়াত নির্বিঘ্ন করার জন্য এই কাজগুলো করা এখন সময়ের দাবি।
সাঈদ চৌধুরী
গাজীপুর।