৬ অক্টোবর পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হতে যাচ্ছে। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ঈদ উদ্যাপনের জন্য এক জেলা থেকে অন্য জেলায় লোকজন পরিবার-পরিজন নিয়ে সড়কপথে কিংবা নদীপথে গ্রামের বাড়িতে যায়।
প্রতিবছর অতিরিক্ত যাত্রীবোঝাই, ওভারটেকিং ও দ্রুতগতিতে বিভিন্ন যানবাহন চালানোর কারণে এগুলো দুর্ঘটনার শিকার হয়। এতে অনেক প্রাণহানি ঘটে এবং ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়। ঘরমুখী যাত্রীসাধারণের নিরাপত্তায় অতিরিক্ত যাত্রীবোঝাই, ওভারটেকিং ও বেপরোয়া গতিতে গাড়ি চালানো থেকে বিরত থাকা আবশ্যক।
এ সময় বিভিন্ন পরিবহন সংস্থা যানবাহন ও টিকিটের কৃত্রিম সংকট সৃষ্টি করে। এতে যাত্রীসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়। তা ছাড়া যাত্রীদের কাছ থেকে অধিক ভাড়া আদায়ের প্রবণতা লক্ষ করা যায়। বিষয়গুলোর গুরুত্ব বিবেচনা করে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
সুমিত্র বিকাশ বড়ুয়া, নন্দনকানন, চট্টগ্রাম।