ঈশ্বরদী জংশনের দুর্গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঈশ্বরদী রেল জংশনের অবস্থা খুবই করুণ। সেই ব্রিটিশ আমলের এই স্টেশনের আজও কাঠামোগত পরিবর্তন হয়নি। প্রতিদিন শত শত মানুষ এই জংশন ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে। বেশ কয়েকটি আন্তনগর, মেইল, লোকাল ও কমিউটার ট্রেনের যাত্রাবিরতি রয়েছে এই জংশনে৷ এ ছাড়া আন্তর্দেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন পানি নেওয়ার জন্য এই স্টেশনে যাত্রাবিরতি দেয়। কিন্তু দুঃখের বিষয়, বিভিন্ন সময় বিভিন্ন সরকারের আমলে রাজনৈতিক ইস্যুতে ঈশ্বরদী জংশনের রি-মডেলিং কাজের বরাদ্দ বাতিল হয়ে গেছে।
ঈশ্বরদী জংশনে উন্নতমানের বিশ্রামাগার নেই৷ স্টেশনের অফিসকক্ষে যাত্রীদের বসে থাকতে দেখা যায়, অফিসকক্ষগুলোও নিম্নমানের। স্টেশনের প্ল্যাটফর্ম খুব একটা বড় নয়। এর ফলে অনেক ট্রেনের বগি প্ল্যাটফর্ম ছাড়িয়ে পেছনে পড়ে থাকে বলে যাত্রীদের ওঠানামা করতে কষ্ট হয়৷ স্টেশনটির ওপর যে পদচারী-সেতুটি আছে, সেটির অবস্থাও খুব একটা সুবিধার নয়। স্টেশনের নিরাপত্তা শূন্যের কোটায়৷ এর ছাউনিগুলোও বেশ পুরোনো৷ যাত্রীদের আরেকটি সমস্যা হলো টিকিট নিতে যেতে হয় পদচারী-সেতু পেরিয়ে অন্য মাথায়, ফলে অনেকে কাঙ্ক্ষিত ট্রেনের টিকিট পেলেও ট্রেনে ওঠার সময় পান না। নিরাপত্তার অভাবে রাতের ট্রেনগুলোতে আসা-যাওয়া করতে যাত্রীদের বেশ বেগ পেতে হয়। এ রকম নানা সমস্যা নিয়ে ঈশ্বরদী জংশন খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে। আশা করি, কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবে।
এস এম সাইদুর রহমান
ঈশ্বরদী, পাবনা।