ঈশ্বরদী পৌরসভা গঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা গড়ে ওঠেনি। ফলে পৌরবাসী যত্রতত্র ময়লা ফেলছে।
ঈশ্বরদী পৌরসভা পুরোটাই ময়লার শহরে পরিণত হয়েছে। পৌরসভার ব্যস্ততম বিভিন্ন সড়কের আশপাশজুড়ে ময়লা–আবর্জনার স্তূপ জমলেও তা সরিয়ে ফেলার কার্যকর উদ্যোগ নেওয়া হয় না। ঈশ্বরদী প্রথম শ্রেণির পৌরসভা হওয়া সত্ত্বেও পৌর কর্তৃপক্ষ এসব ব্যাপারে খুবই উদাসীন।
সরেজমিনে পৌর এলাকার গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট রোড এলাকায় দেখা গেছে, পাড়া-মহল্লার লোকজন ডাস্টবিনের অভাবে এস এম স্কুল অ্যান্ড কলেজের রাস্তা–সংলগ্ন পুকুরের পাশে ময়লা–আবর্জনা ফেলছে। এতে বিভিন্ন প্রাণীর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস, ধর্মীয় প্রতিষ্ঠানে ময়লা ছড়িয়ে পড়ছে। সামান্য বাতাসে চারদিকে দুর্গন্ধ ছড়াচ্ছে। নাকে রুমাল চেপে পথচারীদের চলাচল করতে হচ্ছে।
এ ছাড়া ডাস্টবিনের অভাবে অনেকে আশপাশের পানিনিষ্কাশন নর্দমায় ময়লা ফেলছে। ফলে শহরের অধিকাংশ নর্দমা ভরে গেছে ময়লা-আবর্জনায়। এই রাস্তায় মানুষের যাতায়াত করা কঠিন হয়ে গেছে।
কিন্তু এ থেকে যেন পরিত্রাণের পথ নেই। ঈশ্বরদী খুবই গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে জংশন। সেই শহরের এ অবস্থা মেনে নেওয়া যায় না। কোনো এলাকা এ রকম নোংরা থাকতে পারে না।
এস এম সাইদুর রহমান
পাবনা।