আমি একজন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর অভিভাবক। আমার ছেলে ঢাকার নামকরা একটি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র। সারা বছর হাড়ভাঙা খাটুনি আর এতটুকু ফাঁকি না দিয়ে সে পড়াশোনা করেছে, অথচ সেই পরীক্ষার প্রশ্নপত্র আগেই পাওয়া গেল। সম্প্রতি রাজধানীর নায়েমে শিক্ষামন্ত্রী বাংলা ট্রিবিউনকে প্রশ্ন ফাঁসের বিষয়ে বলেন, ‘আমরা তো স্কুলে স্কুলে এত পাহারা বসাতে পারব না। আমরা আর কী করতে পারি?’
একজন মন্ত্রী যদি এ কথা বলেন তবে বুঝতে হবে সমস্যা কতটা গুরুতর। একটি দেশকে ধ্বংস করার জন্য প্রধান হাতিয়ার শিক্ষাব্যবস্থায় ধস নামানো। এভাবে যদি দুর্নীতির মধ্যে এই প্রজন্ম বড় হয়ে ওঠে, তবে এ দেশের প্রাকৃতিক দুর্যোগ ছাড়াই দেশ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাবে।
মাননীয় শিক্ষামন্ত্রী, দয়া করে ‘কিছু করার নেই’—এ কথা বলে অসহায়ত্ব প্রকাশ করে দুর্নীতিবাজদের প্রশ্রয় দেবেন না। আজ থেকে ২০ বা ২৫ বছর আগে তো এভাবে প্রশ্ন ফাঁস হয়নি, তবে কেন এ সমস্যা এত ভয়াবহ হয়ে উঠেছে। আমাদের এই প্রজন্মকে রক্ষা করুন, আমাদের সন্তানদের সৎ থাকতে দিন। আমরা যেন একটু নিশ্চিন্ত হই, আমাদের ভালো সন্তানেরা যেন নিষ্পাপ থাকে, তারা যেন নিজেদের পরিশ্রমের যথোপযুক্ত পুরস্কার পায়।
মুনিরা চৌধুরী, ধানমন্ডি, ঢাকা।