১৬ জুন উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন ও এসএমএস-এর মাধ্যমে আবেদনকারীদের ফল প্রকাশিত হয়েছে। এবার কর্তৃপক্ষ পদ্ধতিতে কিছুটা ভিন্নতা আনার চেষ্টা করেছে। ইতিমধ্যেই এই ভিন্নতা সৃষ্টির প্রয়াস উচ্চ মাধ্যমিক শ্রেণিতে ভর্তি–ইচ্ছুক অসংখ্য ছাত্র-ছাত্রীদের অপ্রত্যাশিত বিড়ম্বনা ও মানসিক বিপর্যয়ের কারণ হয়ে উঠেছে।
২০১৫ সালে উচ্চমাধ্যমিক শ্রেণিতে ভর্তির সময় অভাবিত সংকটের সৃষ্টি হয়। পরবর্তী সময়ে সে সংকট উত্তরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ
সর্বাত্মক প্রচেষ্টা চালায়। সংকট থেকে সাময়িক উত্তরণ ঘটলেও পরবর্তী সময়ে ব্যাপক জটিলতা দেখা দেয়। ছেলেদের কলেজে মেয়েদের তালিকা প্রকাশ, আবেদনে প্রতিষ্ঠানের নাম না থাকলেও অনাকাঙ্ক্ষিত কলেজের তালিকা প্রকাশসহ নানা বিড়ম্বনার শিকার হয় ছাত্র-ছাত্রীরা। আবার আবেদনকারী অনেক ছাত্র-ছাত্রী ভর্তির জন্য কোনো কলেজই পায়নি।
এ বছর সে সংকট ও জটিলতা বিবেচনায় রেখেই হয়তো শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ একজন ছাত্র-ছাত্রীকে অনলাইনে ১০টি ও এসএমএসের মাধ্যমে ১০টি, মোট ২০টি কলেজে আবেদনের সুযোগ দেয়। ১৬ জুন ভর্তির আবেদনের ফল প্রকাশের পর অপেক্ষমাণ তালিকা দেখে অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এবার র্যাংকিং অনুযায়ী কলেজের মতো ভর্তি পদ্ধতি চালু করা হয়নি এবং নির্দিষ্ট প্রতিষ্ঠানে নির্দিষ্ট ছাত্র-ছাত্রীর ভর্তির বিষয়টি নিশ্চিত করা যায়নি। কাজেই একজন ছাত্র-ছাত্রীকে একাধিক কলেজে ভর্তির সুযোগ দেওয়া দরকার। এতে তারা প্রকাশিত অপেক্ষমাণ তালিকার হাঙ্গামা ও হয়রানি থেকে রক্ষা পাবে। আশা করি, আগে আসলে আগে পাবে ভিত্তিতে একজন ছাত্র-ছাত্রীকে তার পছন্দের প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ করে দিয়ে আসন্ন সংকট মোকাবিলায় কর্তৃপক্ষ দ্রুত সিদ্ধান্ত নেবে।
হাসানুর রশীদ
ঢাকা।