আবারও জিপিএ-৫-এর বন্যা বয়ে গেল ২০১৪ সালের এইচএসসির ফলাফলে। সব শিক্ষার্থীর মুখে অফুরান হাসি। কিন্তু এ হাসির স্থায়িত্ব কত দিন?
প্রতিবছর উচ্চশিক্ষা নিতে গিয়ে তাঁদের পড়তে হয় নানা বিড়ম্বনায়। শিক্ষার্থীর তুলনায় অপ্রতুল মানসম্মত বিশ্ববিদ্যালয়ের কারণে অনেকে ভালো ফল করেও ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হন।
বাধ্য হয়ে তাঁদের নানা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হতে হয়। সামর্থ্যবানদের তেমন অসুবিধা না হলেও মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত শিক্ষার্থীরা পড়েন নানা সংকটে। আবার অনেক অখ্যাত ও ভুয়া বিশ্ববিদ্যালয় এ সুযোগের সদ্ব্যবহার করতেও পিছপা হয় না।
পাশাপাশি অনেক শিক্ষার্থীই বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছেন। যাঁরা একবার বাইরে যাচ্ছেন, তাঁরা আর ফিরে আসছেন না। এভাবে মেধা পাচার চলছে নীরবে।
অনুকূল পরিবেশ, সঠিক ব্যবস্থাপনা এবং সুযোগকে কাজে লাগিয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তাঁরা তাঁদের সাফল্যের স্বাক্ষর রাখছেন। অথচ নিজ দেশে তাঁরা শুধু নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে নিজেদের মেধাকে শাণিত করতে পারছেন না।
দেশে মানসম্মত বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে পারলেই আমাদের সন্তানদের মেধার সঠিক বিকাশে সহায়তা করা সম্ভব হবে।
সাবিনা পারভীন, গোড়ান, ঢাকা।