ভ্যাট বা মূল্য সংযোজন কর সাধারণত কোনো পণ্যের ওপর বসানো হয়। অর্থাৎ আমরা যেটা উৎপন্ন করছি না, কিন্তু ভোগ করছি, তার ওপর ভ্যাট প্রযোজ্য। কিন্তু শিক্ষা তো পণ্য নয়, বিনিয়োগ। সেখানে কেন ভ্যাট বসানো হবে?
সরকার বেসরকারি শিক্ষায় যেমন বেসরকারি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও ইংরেজি মাধ্যম স্কুলগুলোর ওপর অযৌক্তিকভাবে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট বসিয়েছে। সরকার যদি মনে করে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো লাভজনক, তাহলে প্রতিষ্ঠানের ওপর ভ্যাট বসানো যেতে পারে। কিন্তু শিক্ষার্থীদের ওপর কেন?
সরকার মনে করছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সব বড়লোকের সন্তানেরা পড়েন, যা মোটেই ঠিক নয়। নিরুপায় হয়ে অনেক মধ্যবিত্ত-নিম্নমধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েও এখানে পড়তে বাধ্য হন। এ বছর উচ্চমাধ্যমিক পাস করা শিক্ষার্থীর সংখ্যা ৭ লাখ ৩৮ হাজার ৮৭২ জন। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ৪২ হাজার ৮৯৪ জন। কিন্তু আমাদের সরকারি ৩৪টি বিশ্ববিদ্যালয়ে আসনসংখ্যা প্রায় ৩৮ হাজার। যেখানে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীরাই বাদ পড়ছেন সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ার, সেখানে অন্যদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া ছাড়া উপায় কী?
সরকার কি মনে করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাষ্ট্রের বোঝা? যদি তা না-ই হয়, তাহলে তাঁরা কেন ভ্যাট দিয়ে উচ্চশিক্ষা নেবেন? ২০১০ সালে সরকার শিক্ষার ওপর ৪ দশমিক ৫ শতাংশ ভ্যাট বসানোর সিদ্ধান্ত নিলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল।
আশা করি, এবারে চূড়ান্ত আন্দোলনে যাওয়ার আগেই সরকার সিদ্ধান্তটি বাতিল করবে।
আরিফ চৌধুরী
স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ঢাকা।