ধানমন্ডিকে আবাসিক এলাকা থেকে বাণিজ্যিক এলাকা বানাতে প্রশাসনই সহায়তা করেছে। কারণ, তাদের অনুমতি ছাড়া এত দোকান, হাসপাতাল, স্কুল ইত্যাদি লাইসেন্স পেল কী করে?
এই ধানমন্ডি আবাসিক এলাকা যখন বসবাসের অনুপযুক্ত হয়ে যাচ্ছিল, তখন আমরা বাসিন্দারাই সরকারের কাছে আহ্বান করেছি বারবার, বন্ধ করুন এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান। কিন্তু তখন কেউ কর্ণপাত করেনি।
জঙ্গি হামলার কারণে ২৮ জুলাই ধানমন্ডির প্রতিটি স্কুল, কলেজ, হাসপাতাল, সব ধরনের দোকান ইত্যাদি সব ধরনের প্রতিষ্ঠানকে সাত দিনের মধ্যে স্থানান্তরিত অন্যথায় বন্ধ করার ঘোষণা দিয়েছে সিটি করপোরেশন। সাত দিনের মধ্যে স্থানান্তরিত বা বন্ধ না করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
কিন্তু হঠাৎ করে এই প্রতিষ্ঠানগুলো কীভাবে সাত দিনের মধ্যে সরে যাবে?
তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে একান্ত অনুরোধ, তাদের আরও কিছুটা সময় দিন। যাতে কারও অসুবিধা না হয় এবং কমপক্ষে দুই মাস সময়ও যদি তারা পায় তবে তাদের স্থানান্তরিত করতে সুবিধা হবে।
বছরের পর বছর ধরে যদি ধানমন্ডিবাসী অসুবিধা ভোগ করে থাকে বা তাঁদের নিরাপত্তা বিঘ্নিত না হয়, তবে তাঁরা আরও
দুটো মাসও সহ্য করতে পারবেন মানবিকতার কারণে। কিন্তু এভাবে হুট করে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়।
মুনিরা চৌধুরী
ধানমন্ডি, ঢাকা।