উত্তরপত্র পুনর্নিরীক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেশিনে খাতা দেখা ও ফলাফল যেমন দ্রুত করা যায়, তেমনি তা নির্ভুলভাবেও করা যায়। তবে সব ক্ষেত্রে শতভাগ নির্ভুল হয়, এটা ভাবার সুযোগ বোধ হয় নেই। ওএমআর মেশিন ভুল পড়তে পারে, এমন নজিরও রয়েছে।
সম্প্রতি ভর্তি পরীক্ষাগুলোর (বিশেষ করে মেডিকেল কলেজের) ফলাফল পাওয়ার পর অনেক মেধাবী ছাত্রছাত্রীর মানসিক বিপর্যয় ঘটেছে। অনেক পরীক্ষার্থীই মনে করছেন, তাঁদের প্রাপ্ত ফলাফল (এমনকি কোটাসুবিধা থাকা সত্ত্বেও) কোনো অবস্থাতেই এমন হতে পারে না। আবার পুনর্নিরীক্ষা করার ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ সেই মেশিনেই পরীক্ষা করার কথা বলেছে।
কিন্তু ছাত্রছাত্রীদের দাবি, যাঁরা পুনরায় পরীক্ষা করার দরখাস্ত করবেন, অন্তত সেই কটি আবেদন মেশিনে পরীক্ষা করার পাশাপাশি কাগজ–কলমে পরীক্ষা করার ব্যবস্থা করা হোক। সাধারণত মেডিকেল কলেজগুলোর ভর্তি–প্রক্রিয়া স্বচ্ছ ও নিরপেক্ষ হিসেবে জনগণ গ্রহণ করেছে, সে ক্ষেত্রে যন্ত্রের কোনো ভুলভ্রান্তির (যদি হয়ে থাকে) বিষয়টি কর্তৃপক্ষের আমলে নিয়ে আরও অধিক স্বচ্ছতা এবং নিরপেক্ষতার দাবি ভুক্তভোগী ছাত্রছাত্রীর।
তাই স্বাস্থ্য ও শিক্ষা বিভাগের ডিজির কাছে আমাদের আবেদন, পুনর্নিরীক্ষার আবেদনকৃত উত্তরপত্রগুলো ডিজিটাল এবং ম্যানুয়াল দুই পদ্ধতিতে পরীক্ষা করার ব্যবস্থা গ্রহণ করে সংশয়ে থাকা ছাত্রছাত্রীদের কোমল মনে আস্থা ফিরিয়ে আনুন।
মো. মাহমুদ আলম, ঢাকা।