রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসের জন্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের ব্যবহারিক পরীক্ষার ফল ইতিমধ্যে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ২ হাজার ৭৭৪ জন প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন, যাঁদের মধ্যে ৫১৪ জন কৃতকার্য হয়েছেন।
জানার বিষয় হলো, পরীক্ষার্থীদের ব্যবহারিক উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে প্রচলিত নিয়ম যথাযথ অনুসৃত হয়েছে কি না। প্রচলিত নিয়ম অনুযায়ী টাইপের ক্ষেত্রে প্রতি পাঁচটি স্ট্রোককে একটি শব্দ হিসাবে গণনা করা হয়।
এই স্ট্রোকের মধ্যে স্পেস, ফুলস্টপ, সেমিকোলন, কোলন, কমা ইত্যাদি এবং বাংলার ক্ষেত্রে যুক্তাক্ষর, রেফ, ফলা, কার প্রভৃতি একটি লেটার ধরে গণনায় আনার কথা। ওই ব্যবহারিক পরীক্ষায় প্রদত্ত ৫+৫=১০ মিনিটে যথাক্রমে ১০০টি করে শব্দ নির্ভুল টাইপ করতে মাত্র ৫১৪ জন পরীক্ষার্থী সক্ষম হয়েছেন। সন্দেহের অবকাশ এখানেই এবং ন্যায়বিচারের স্বার্থেই বিষয়টি যথাযথ মূল্যায়নের দাবি রাখে। প্রয়োজনে খাতা পুনর্মূল্যায়ন করা হোক।
রেবেকা রাণী, রাজশাহী।