বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে ১৬টি জেলা নিয়ে উত্তরাঞ্চল গঠিত। অন্যান্য অঞ্চলের তুলনায় উত্তরের জেলাগুলো বেশি অবহেলিত ও উপেক্ষিত। পূর্ব, পশ্চিম ও দক্ষিণের জেলাগুলোর যেভাবে উন্নতি হয়েছে, সেই তুলনায় উত্তরের জেলাগুলোর তেমন উন্নয়ন হয়নি। ঢাকার ওপর ক্রমাগত চাপ কমাতে হলে উত্তরাঞ্চলের জেলাগুলোতে শিল্পকারখানা স্থাপনসহ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এতে মানুষের জীবনযাত্রার মান বাড়বে।
কয়েক দিন আগে পত্রিকার মাধ্যমে জানতে পারলাম, রাজশাহীতে গার্মেন্টস কারখানা হচ্ছে। এটা অত্যন্ত আশার কথা। সেখানে অন্তত অনেক লোকের কর্মসংস্থান হবে। ব্যবসায়ীদের অনুপ্রেরণা দিলে তাঁরা উত্তরের জেলাগুলোতে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলতে আগ্রহী হবেন। এতে জেলাগুলোর উন্নয়ন হবে।
সম্প্রতি ভারত, নেপাল ও ভুটানের মধ্যে যাত্রী ও পণ্যবাহী যান চলাচলের যে ছয়টি রুট নির্ধারিত হয়েছে, তার বেশির ভাগ রুট উত্তরাঞ্চলের মধ্য দিয়ে। নানা দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও উত্তরাঞ্চল গুরুত্বহীন রয়ে গেছে। তাই এ ব্যাপারে সরকারের সদয় দৃষ্টি কামনা করছি।
সিদ্দিকা ফেরদৌস
গাইবান্ধা।