উত্তরের মেয়রের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদিন আগেই একটি বেসরকারি টিভিতে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হকের মেয়রের দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তি উপলক্ষে তাঁর সাক্ষাৎকার সম্প্রচারিত হচ্ছিল। আলোচনার একপর্যায়ে তিনি বলেন, ঢাকাকে সবুজ করার লক্ষ্যে তিনি ৫ লাখ গাছ লাগানোর পরিকল্পনা করেছেন। এই কাজ করার জন্য তাঁর পাশে থাকবেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
এ প্রসঙ্গে মেয়র এই প্রস্তাবগুলো বিবেচনা করতে পারেন:
১. আমাদের দেশের বিভিন্ন ক্ষেত্রের (লেখক, শিল্পী, গায়ক, অভিনেতা, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ ও রাজনীতিবিদ) বরেণ্য মানুষদের দিয়ে কিছু গাছ লাগানো যেতে পারে, যেখানে রোপিত গাছের পাশে বরেণ্য ব্যক্তির পরিচয় শ্বেতপাথরের ওপর লেখা থাকবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্ম তাদের কীর্তিমান পূর্বপুরুষদের নাম ও পরিচয় জানতে পারবে।
২. পুরোনো র্যাং গস ভবনের বিপরীতে যে বড় রাস্তাটি সংসদ ভবনের দিকে গেছে, তার বাঁ পাশে রয়েছে বঙ্গবন্ধু নভোথিয়েটার ও সামরিক জাদুঘর। তার বিপরীতে অর্থাৎ রাস্তার ডান দিকে ফুটপাত–সংলগ্ন ফাঁকা একটি জায়গা আছে। সেখানে ২০-২৫ ফুট (রমনা পার্কে অনেক আছে) উচ্চতার ঘন সবুজ গাছ লাগানো যেতে পারে।
আর মাঝামাঝি জায়গায় দু-তিনটি কৃষ্ণচূড়া লাগাতে হবে। কয়েক বছর পর গাছগুলো যখন বড় হবে এবং কৃষ্ণচূড়া ফুটবে, তখন জায়গাটা বাংলাদেশের লাল-সবুজ পতাকার মতো হয়ে যাবে। ঢাকা নগরকে আরও বিভিন্ন উপায়ে দৃষ্টিনন্দন করা যায়।
জাহিদ হায়দার, সিদ্ধেশ্বরী, ঢাকা।