উদ্বোধন-জটিলতা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেক্সটাইলে ডিপ্লোমা প্রকৌশলীদের উচ্চশিক্ষার কথা বিবেচনা করে ২০০৭ সালে সরকারি ব্যবস্থাপনায় বস্ত্র ও পাট অধিদপ্তর একটি ইঞ্জিনিয়ারিং কলেজ চালু করে। প্রথমে টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট অস্থায়ীভাবে চালু হলেও ২০১১ সালের ৩ জানুয়ারি টাঙ্গাইলের কালিহাতীতে নিজস্ব ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তৎকালীন পাট ও বস্ত্রমন্ত্রী। প্রায় দুই বছর ধরে ১০৬ কোটি টাকা ব্যয়ে অবকাঠামো নির্মাণের পর ২০১৩ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল।
পরবর্তী সময়ে শিক্ষার্থীদের নিজস্ব ক্যাম্পাস চালুর দাবির মুখে ২০১৪ সালের ফেব্রুয়ারিতে পাট ও বস্ত্র মন্ত্রণালয় উদ্বোধন ছাড়াই প্রতিষ্ঠানের কার্যক্রম চালু করার নির্দেশ দেয়।
এদিকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন না হওয়ায় শিক্ষার্থীরা অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এটি টেক্সটাইল সেক্টরে সর্বশেষ প্রযুক্তিসমৃদ্ধ প্রতিষ্ঠান হলেও তার খবর দেশের মানুষের কাছে অজানাই থেকে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের অন্তর্ভুক্ত এ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই পর্যাপ্ত শিক্ষক ও কর্মচারী। দক্ষ অপারেটরের অভাবে ল্যাবের টেক্সটাইল মেশিনারিজগুলো চালু হচ্ছে না। লাইব্রেরি, গ্যাস–সংযোগ, পর্যাপ্ত আবাসিক, ডাইনিং সুবিধা, ক্যানটিন, নিজস্ব পরিবহন সুবিধাসহ আরও আনুষঙ্গিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন শিক্ষার্থীরা। এ অবস্থায় খুব শিগগিরই ইঞ্জিনিয়ারিং কলেজটি উদ্বোধনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. রেদোয়ান হোসেন
টাঙ্গাইল।