উদ্যানের পরিবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রাজধানী হিসেবে ঢাকা শুধুই কর্মস্থলের কেন্দ্রবিন্দু নয়, এটি বিভিন্ন শ্রেণির মানুষের আবাসস্থলও। ব্যস্ততম শহরের মধ্যে একটু স্বস্তিতে বিশুদ্ধ বাতাস সেবন করা নাগরিকদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য।
পর্যাপ্ত ফাঁকা জায়গার অভাব, খোলা বাতাস চলাচলের অভাব, অবসর যাপনের জন্য বিনোদনকেন্দ্রের অপর্যাপ্ততার কারণে
এই শহরে স্বস্তি পাওয়াটা খুবই দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
রাজধানীর বিনোদনকেন্দ্র হিসেবে অনেক পরিকল্পিত উদ্যান রয়েছে, তবে সেখানে অবস্থান করাটা একই সঙ্গে লজ্জাজনক ও বিপজ্জনক। দিনের বেলায় উদ্যানগুলো থাকে মাদকসেবীদের দখলে, আর রাতের বেলায় তা চলে যায় অপরাধীদের দখলে। এতে বোঝা যায়, আমাদের সামাজিক মূল্যবোধ ক্রমাগত কমছে। শুধু উদ্যান নয়, এই ভয়াবহ অবস্থা অন্যান্য বিনোদনকেন্দ্রেও দেখা যায়। ফলে এই গরমের মধ্যে যে মানুষ সেখানে বসে একটু জিরোবে, তার জো নেই। ফলে এই শহরে পথচারীদের চলাচল করা কঠিন হয়ে উঠেছে। আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি আমলে নেবে।
তানজিনা আফরিন
শিক্ষার্থী, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়।