উদ্যোক্তা তৈরিতে যেখানে বিশ্বের অন্যান্য দেশ বিদ্যুৎ গতিতে এগিয়ে যাচ্ছে, সেখানে আমাদের অবস্থা দিন দিন শোচনীয় হচ্ছে। ১৯ ডিসেম্বর উদ্যোক্তা তৈরিতে সরকারি অর্থের অপচয় নিয়ে একটি প্রতিবেদন চোখে পড়ল। সরকার ও বাংলাদেশ ব্যাংকের নির্দেশক্রমে কিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান উদ্যোক্তাদের জন্য সেই ২০০৯ সাল থেকে বিশেষ ঋণের ব্যবস্থা করে আসছে। কিন্তু এই অর্থ কি সঠিকভাবে ব্যবহৃত হচ্ছে?
রাজনৈতিক ব্যক্তিদের ছত্রচ্ছায়ায় নানা বেনামি প্রতিষ্ঠান বিভিন্ন অনৈতিক পন্থা অবলম্বন করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু যারা প্রকৃত উদ্যোক্তা, তারা সুবিধাবঞ্চিতই থেকে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় গণ্ডি পেরোনোর পরপরই আমার নিজেরও স্বপ্ন ছিল একজন সফল উদ্যোক্তা হওয়ার। সে লক্ষে্য আমি সরকারি, বেসরকারি বেশ কিছু আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করি। কিন্তু তাদের নানা অযৌক্তিক শর্তের বেড়াজালে থমকে গেল আমার উদ্যোক্তা হওয়ার স্বপ্ন।
অনেকেই বলছে, আপনার ন্যূনতম দু-তিন বছর ব্যবসার অভিজ্ঞতা থাকতে হবে। আমার প্রশ্ন, আমি নিজে তো উদ্যোক্তা কিংবা ব্যবসায়ী হওয়ার জন্যই ঋণ নিতে এলাম, তাহলে আমার অভিজ্ঞতা লাগবে কেন?
এই অভিজ্ঞতা শুধু আমার একার হয়নি, আরও অনেকেরই হয়েছে। এতে জাতির কী লাভ হচ্ছে?
শরিফ আহমেদ, টাঙ্গাইল।