উন্নয়নে প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশ কৃষিনির্ভর। চাষাবাদ বলতে যা বুঝি সবটুকুই গ্রামকেন্দ্রিক। কিন্তু এখন আবাদি জমির অনেকটাই বিভিন্ন কলকারখানা বা বসতবাড়ি তৈরিতে ব্যবহৃত হচ্ছে। মাঝারি কৃষকেরা চাষাবাদের মাধ্যমে প্রাপ্ত মুনাফা দিয়ে আরও জমি কেনার তাগিদ অনুভব করেন এবং সেখানে বেশি ফসল ফলানোর চেষ্টা করেন। এ ছাড়া আরও ভিন্ন ভিন্ন ফসল ফলানো যায় কি না—সে বিষয়েও তাঁরা সচেতন।
বর্তমানে গ্রামীণ কৃষকেরা উৎপাদনক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার শিখছেন ও প্রয়োগ করছেন। যদিও সে ব্যবহার আশানুরূপ নয়। আর্থিক অসংগতি কিংবা যন্ত্র ব্যবহারে অদক্ষতা যার কারণ হতে পারে। তবে গ্রামীণ চাষাবাদের ক্ষেত্রে যদি প্রযুক্তির ব্যবহার যথেষ্ট সহজলভ্য করা যায়, তাহলে কৃষকেরা আগের চেয়ে আরও বেশি ফসল উৎপাদন করতে পারবেন। আমাদের খাদ্যঘাটতি কমে যাবে।
কৃষকেরা যেন সহজে কৃষিঋণ পান, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। কৃষিকাজে প্রযুক্তির ব্যবহারের আগ্রহ ধরে রাখতে হলে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কিংবা দক্ষ প্রশিক্ষক দ্বারা কৃষকদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি কৃষকের শ্রম আর অর্থব্যয়ের প্রাপ্তিটা যেন ফসলের প্রকৃত মূল্যপ্রাপ্তির মধ্য দিয়ে নিশ্চিত হয়—সেদিকে নজর দিতে হবে।
মাসুদা রুমা, ঢাকা বিশ্ববিদ্যালয়।