জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার ২ নম্বর বড়তারা ইউনিয়নের বড়তারা একটি বর্ধিষ্ণু গ্রাম। এ গ্রামের শতকরা ৯০ ভাগ মানুষ কৃষিকাজে জড়িত। বড়তারা গ্রামের একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চবিদ্যালয়, একটি কিন্ডারগার্টেন, একটি ডাকঘর, একটি মাদ্রাসা, গ্রামের প্রবেশপথে একটি বাজার ও একটি ইউনিয়ন পরিষদ আছে।
গ্রামটি বড়তারা ইউনিয়নের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত। তাই এ গ্রামে পার্শ্ববর্তী অনেক গ্রাম বা এলাকার মানুষ নানা প্রয়োজনেই ভিড় করে থাকে। কিন্তু তাদের চলাচলে যে রাস্তাটি রয়েছে তার এমন বেহাল অবস্থা যে সামান্য বৃষ্টিতেই কাদা হয়, তখন আর তা চলাচলের উপযোগী থাকে না।
এ কারণে কৃষকেরা তাঁদের উৎপাদিত পণ্য সময়মতো বাজারে পৌঁছাতে পারেন না। শিক্ষক ও ছাত্রছাত্রীরা সঠিক সময়ে বিদ্যালয়ে যেতে পারে না। আর বর্ষা মৌসুমে ইউনিয়ন পরিষদে মানুষের আসা-যাওয়া কমে যায়। বেশ কয়েকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও লাভ হয়নি। তারা আমাদের শুধু আশার বাণী শোনায়।
রাস্তাটি সংস্কার করা হলে শুধু এলাকাবাসীরই লাভ হবে না, মানুষের চলাচল বাড়লে দেশের অর্থনীতির জন্যও তা মঙ্গলজনক হবে।
মো. আমিনুর ইসলাম, জয়পুরহাট।