জিঞ্জিরা-কেরানীগঞ্জ-রুহিতপুর সড়কটি বর্তমান ঢাকা জেলার অন্যতম প্রধান সড়ক। এটাই কেরানীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার উপজেলাবাসী এবং পাশের মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার যাত্রীসাধারণের রাজধানী ঢাকায় আসার প্রধান রুট। এ ছাড়া ফরিদপুর জেলার সদরপুর ও চরভদ্রাসন উপজেলার যাত্রীসাধারণও এ রুটে চলাচল করে থাকেন।
২০০১ সালে বুড়িগঙ্গা দ্বিতীয় সেতু উদ্বোধনের সময় তৎকালীন এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, পরবর্তী নির্বাচনে তাঁর দল আওয়ামী লীগ জয়ী হলে জিঞ্জিরা-কেরানীগঞ্জ-রুহিতপুর সড়কটি উপ-আঞ্চলিক সড়কে উন্নীত করা হবে। সেবার নির্বাচনে আওয়ামী লীগ সরকার পরাজিত হয়, আসে চারদলীয় জোটের সরকার। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) প্রথম সভায় উল্লিখিত উপ-আঞ্চলিক সড়কের জন্য ১০০ কোটি টাকা বরাদ্দ দেয় সরকার। কিন্তু অজ্ঞাত কারণে চারদলীয় জোট সরকার সড়কটি আর নির্মাণ করেনি।
‘স্বপ্নের পদ্মা সেতুর’ নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। ট্রেনে বা সড়কপথে যেভাবেই পদ্মা সেতুতে যাওয়া হোক, কেরানীগঞ্জ উপজেলার ওপর দিয়েই যাতায়াত করতে হবে। তাই সার্বিক দিক বিবেচনা করে জনস্বার্থে এ সড়কটিকে দ্রুত উপ-আঞ্চলিক সড়কে উন্নীত করা হোক।
মো. সাইফুদ্দীন ও নাফিসা আক্তার, ঢাকা।