ওপরের শিরোনামটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মলয় ভৌমিকের লেখা থেকে ধার নেওয়া। লেখাটির শিরোনাম রাজশাহী নগরের তথাকথিত উন্নয়ন–বিষয়ক হলেও বন্দরনগরী, বাণিজ্যিক রাজধানী ইত্যাদি খেতাবপ্রাপ্ত চট্টগ্রাম মহানগরীর ক্ষেত্রেও প্রযোজ্য।
স্বাধীনতার পর থেকেই চট্টগ্রামের সার্বিক উন্নয়নের জন্য অনেক পরিকল্পনা করা হলেও কোনোটাই পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সমাজে উন্নয়নের ধারণা হলো ইট, বালু ও সিমেন্টের পোশাকি উন্নয়ন, ভৌত অবকাঠামো ও অট্টালিকাই যেন উন্নয়নের মাপকাঠি।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ ইতিমধ্যে বেশ কয়েকটি রাস্তা চওড়া করে সেগুলো বাস, ট্রাক, ভ্যানগাড়ির টার্মিনাল ও মেরামত কারখানা হিসেবে ব্যবহারের সুযোগ করে দিয়েছে এবং অত্যন্ত অপরিকল্পিতভাবে কিছু ফ্লাইওভার নির্মাণ করেছে। এর কারণে বহদ্দারহাটের যানজট নিত্যনৈমিত্তিক ব্যাপারে পরিণত হয়েছে। কিন্তু মুরাদপুর থেকে নতুন চান্দগাঁও থানা ভবন পর্যন্ত যে ফ্লাইওভার (পূর্ব-পশ্চিম) নির্মাণ করা হয়েছে, তা প্রায়ই অলস পড়ে থাকে। এটা জনগণের কোনো কাজেই আসছে না।
তেমনি অপরিকল্পিত ও অপ্রয়োজনীয় আরও অনেকগুলো ফ্লাইওভার নির্মিত হতে যাচ্ছে। তদুপরি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাজের মান এতই নিচু যে রাস্তার মাঝখানে শুধু ইট আর বালু নির্মিত ‘ডিভাইডারগুলোই’ তার প্রমাণ।
এসব ডিভাইডারকে রিকশা বা বাস-ট্রাকের ধাক্কা থেকে বাঁচানোর জন্য অনেক অর্থ ব্যয়ে গাড়ির চাকার মরণফাঁদ হিসেবে লোহার খুঁটি পোতা হয়েছে। আর অসহনীয় যানজট-জলজটের কথা আর না–ই বা বললাম।
এম সিরাজুল হক
চট্টগ্রাম।