উপদ্রব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত জুরাইন এলাকার অধিবাসীরা ঢাকা সিটি করপোরেশনকে নিয়মিত কর দিই। কিন্তু নাগরিক উন্নত সুযোগ-সুবিধা বাদ দিলেও ন্যূনতম যে সুযোগ-সুবিধা আমাদের ভোগ করা প্রয়োজন, তা নেই।
অপরিকল্পিত দালানকোঠা, পয়োনিষ্কাশনব্যবস্থা, যেখানে-সেখানে গড়ে ওঠা কারখানা ইত্যাদি অব্যবস্থার কারণে এমনিতেই আমরা নানা সমস্যায় ভুগছি। জীবনের এসব সমস্যার সঙ্গে যুক্ত হয়েছে নানা অনুষ্ঠানের অত্যাচার। নেশার রকমারি পানীয়, অশ্লীলতা আর গগনবিদারী বিকট শব্দের হিন্দি গান—এসবের সমন্বয়ে চলে আনন্দ–উৎবের নামে উন্মাদনা।
দিন শেষে পেট্রলবোমা থেকে বেঁচে যে মানুষটি ঘরে ফিরে ভাবে, যাক আগুনে পোড়া থেকে রক্ষা পেলাম অবশেষে, সে ব্যক্তিই শব্দের অত্যাচারে নির্ঘুম রাত কাটায়। জেএসসি, এসএসসি, এইচএসসিসহ বছরব্যাপী নানা ধরনের পরীক্ষা থাকে। ঘনবসতি হওয়ায় কোনো না কোনো পরীক্ষার্থী প্রায় প্রতিটি ঘরেই থাকে। অনেক বাড়িতে বয়স্ক ব্যক্তি থাকেন। আবার অসুস্থ মানুষও থাকে।
প্রায়ই এলাকাবাসী আনন্দ নামক এমন অত্যাচারে অতিষ্ঠ হচ্ছে। এলাকাভিত্তিক নিয়মকানুনের যে প্রচলন ছিল, বর্তমানে তা অনুপস্থিত। ফলে দিনের পর দিন মানুষ ক্ষোভে-দুঃখে ফুঁসছে, কিন্তু প্রতিবাদ করার জায়গা পাচ্ছে না। আমরা মাথাব্যথা, হৃদ্রোগসহ নানা রোগে অসুস্থ হয়ে পড়ছি দিনের পর দিন।
সেই সঙ্গে রাতভর ঘুমাতে না পারায় শিশুরা লেখাপড়ায় মনোযোগী হতে পারছে না। বড়রা কর্মক্ষেত্রে গিয়ে ঠিকমতো
কাজ করতে পারেন না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দয়া করে আমাদের এ সমস্যা সমাধানে এগিয়ে আসুক।
শাকিলা নাছরিন
শিক্ষক, জুরাইন, মুরাদপুর, ঢাকা।