খবরে জানা গেল, বিশ্ববিদ্যালয়ের শতকরা কতজন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় পাস করেছে। আমার ছোট ভাই কত নম্বর পেয়ে পাস বা ফেল করেছে, তা জেনে নিজে আনন্দ অনুভব করছি। প্রতিটি পরীক্ষার পর তার হাতে প্রশ্নপত্র দিয়ে দেওয়া হয়েছে। এতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সে নিজেকে যাচাই করে দেখার সুযোগ পেল। এ জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।
আমি সদ্য মাস্টার্স শেষ করে চাকরির বাচাই পরীক্ষায় অংশ নিতে শুরু করেছি। গত ২৪ অক্টোবর রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের নিয়োগ পরীক্ষা দিলাম। সেখানে উত্তরপত্র জমা নেওয়ার সময় প্রশ্নপত্রটিও নিয়ে নেওয়া হলো। আমার খুব ইচ্ছা ছিল, জীবনের প্রথম পরীক্ষায় কয়টি প্রশ্নের সঠিক উত্তর দিলাম বাসায় গিয়ে যাচাই করে দেখব। তা আর হলো না।
যে ফলাফল প্রকাশ করা হয়েছে, তাতে শুধু রোল নম্বর দেওয়া আছে। আমি টিকতে পারিনি। তাতে আমার আফসোস নেই। বারবার বাবার কাছ থেকে টাকা চাইতেও লজ্জা লাগে। আমি যেন বাবাকে বলতে পারি, হাজার হাজার প্রতিযোগীর মাঝে আমি এত নম্বর পেয়েছি। তাই সব নিয়োগ কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতো আপনারাও চাকরিপ্রার্থী সব প্রতিযোগীর ফলাফল প্রকাশ করুন।
আবার কত সামান্য নম্বরের জন্য আমি টিকতে পারিনি, তা দেখে সামনের পরীক্ষায় অংশগ্রহণের জন্য পড়ার স্পৃহা বাড়বে। বাবা আমাকে টাকা দিতেও সন্দেহ করবেন না। নিয়োগের বিষয়ে মানুষ আস্থা ফিরে পাবে।
মো. আইয়ুব আলী, রাজশাহী।