উৎসে আয়কর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবলিক লিমিটেড কোম্পানির শেয়ার কিনে হাজার হাজার ক্ষুদ্র বিনিয়োগকারী ২০১০ সাল থেকে আর্থিক ক্ষতিতে ভুগছেন। তাঁদের ক্ষতি কিছুটা উপশমের জন্য সরকার ২০১৪-১৫ অর্থবছরের বাজেটে ২০ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ আয়ের ওপর আয়কর রেয়াতের বিধান জারি করেছে। বস্তুত কেবল জাতীয় রাজস্ব বোর্ডের প্রক্রিয়ার কারণে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা সরকারের এই সুযোগ ভোগ করতে পারছেন না। কারণ, শেয়ার কেনাবেচায় যেকোনো পরিমাণ লভ্যাংশের ওপর উৎসে কর কেটে রাখা হচ্ছে।
যাদের ১২ অক্ষরের টিআইএন আছে তাদের ১০ শতাংশ হারে এবং যাদের ১২ অক্ষরের টিআইএন নেই তাদের ১৫ শতাংশ হারে লভ্যাংশ কেটে অবশিষ্ট অর্থ শেয়ারহোল্ডারদের দেওয়া হচ্ছে। অধিকাংশ পাবলিক লিমিটেড কোম্পানি আকর্ষণীয় লভ্যাংশ দিচ্ছে না বলে এ ক্ষেত্রে বিনিয়োগ লাভজনক হচ্ছে না।
এ পরিস্থিতিতে জাতীয় রাজস্ব বোর্ডের কাছে আবেদন করছি, সরকারি ঘোষণা মোতাবেক ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যেন আয়কর রেয়াতের সুযোগ দেওয়া হয়।
মো. আশরাফ হোসেন
ঢাকা।